ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ দুই পাট কল কওমী জুট মিল ও দৌলতপুর জুট মিল চালুর প্রস্তুতি নিয়েছে সরকার।
বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান।
তিনি বলেন, "বন্ধ হওয়া কওমী জুট মিল ও দৌলতপুর জুট মিল চালু করার প্রস্ততি চলছে। বিশ্বে পাট ও পাটজাত পণ্য সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় আশা করছি বাঙালি জাতি পাট নিয়ে আবার গর্ব করতে পারবে।''
সিরাজগঞ্জের কওমী জুট মিলে ২০০৭ সাল এবং খুলনার দৌলতপুর জুট মিলে ২০০২ সাল থেকে উৎপাদন বন্ধ।
রাষ্ট্রায়ত্ত এ পাটকলগুলো পুনরায় চালুর জন্য সংসদীয় কমিটি সুপারিশ জানিয়েছিল।
সাংসদ শামসুর রহমান শরীফের অপর এক প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, "বিএনপি সরকারের আমলে আদমজী জুট মিলটি একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে বন্ধ করা হয়েছিল। বাঙালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাতের অংশ হিসেবে তা বন্ধ করা হয়েছিল।''
তিনি আরও বলেন, "আদমজী জুট মিল চালুর করা আশা করা যেতে পারে তবে প্রতিশ্র"তি দেওয়া বাঞ্ছনীয় নয়।"
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০২ সালে ৩০ জুন এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেওয়া হয়।
ওই কারখানার অধিকাংশ জায়গাটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) বুঝিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকটি পোশাক কারখানা ইতোমধ্যে চালু হয়েছে।
সাংসদ মোল্লা জালাল উদ্দিনের আরেক প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী আরও জানান, দেশে বর্তমানে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) আওতায় ২৪টি পাটকল রয়েছে। বেসরকারি ভাবে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনভুক্ত ৯০টি পাটকল ও বাংলাদেশ স্পিনারর্স অ্যাসোসিয়েশন ভুক্ত ৫৯টি সুতা কল রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএম/ এমএইচসি/এসইউএম/কেআরসি/আরএ/এমআই/১৬০০ ঘ.
bdnews24