২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট তুলে নিয়ে তিন দিন পর কাজে ফিরল বড়পুকুরিয়া খনির শ্রমিকরা

ধর্মঘট প্রত্যাহার করে রোববার কাজে যোগ দিয়েছে দিনাজুপুরের বড় পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গত বৃহস্পতিবার থেকে তারা ধর্মঘটে গিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 08:25 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘট প্রত্যাহার করে রোববার কাজে যোগ দিয়েছে দিনাজুপুরের বড় পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গত বৃহস্পতিবার থেকে তারা ধর্মঘটে গিয়েছিলেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির (বিসিএমএসএল) ব্যবস্থাপনা পরিচালক এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা রোববার সকাল ৭টা থেকে কাজ করছে। বোনাস বাড়ানোর দাবি কর্তৃপক্ষের মেনে নেওয়ায় এবং অন্য দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস পেয়েই শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে। কামরুজ্জামান বলেন, "শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত বিসিএমসিএল, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি এবং 'বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক অধিকার আন্দোলন কমিটি'র প্রতিনিধিদের বৈঠকে সমঝোতা হলে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে।" 'বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক অধিকার আন্দোলন কমিটি'র আহ্বায়ক রবিউল ইসলাম ও উপদেষ্টা এস এম নূরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, বোনাস বাড়ানোর দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে। আর অন্য দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। তাই ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। বেতন, বোনাস বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে খনিতে কর্মরত প্রায় এক হাজার বাংলাদেশী শ্রমিক ধর্মঘটে গেলে বৃহস্পতিবার রাত ১২টা থেকে ওই খনিতে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ হয়ে যায়। শ্রমিকদের দাবির মধ্যে ছিল- বেতন-ভাতা বৃদ্ধি, কয়লা উত্তোলনে কর্মরত শ্রমিকদের জন্য বাঙালি চিকিৎসক, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সুবিধা বাড়ানো, দুর্ঘটনায় আহত শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা চালু, নতুন নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ শ্রমিকদের অগ্রাধিকার এবং যাচাই-বাছাই করে সব শ্রমিককে নতুন পরিচয়পত্র প্রদান প্রভৃতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৪০ ঘ.