ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ দুই বছরের সাজা দেওয়ার ক্ষমতা দিয়ে এ সংক্রান্ত বিল রোববার সংসদে উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বিলটি পরীক্ষা করে এক দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
গত ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিলটি অনুমোদিত হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনধিক দুই বছরের দণ্ড দেওয়ার ক্ষমতা দিয়ে বিলটি (মোবাইল কোর্ট আইন-২০০৯) সংসদে উত্থাপন করেন মন্ত্রী।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, "২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় শূন্যতা সৃষ্টি হয়। ফলে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়।
"এ জন্য তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট বসানোর জন্য একটি অধ্যাদেশ জারি করা হয়। কিন্তু ওই অধ্যাদেশ নির্বাচিত সংসদে উত্থাপিত না হওয়ায় এর কার্যকারিতা হারায়। পরে বর্তমান সরকার ৪ জুন মোবাইল কোর্ট আইন-২০০৯ প্রণয়নের সিদ্ধান্ত নেয়। এরপর রাষ্ট্রপতি এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন।"
বিলটি পাস হলে ম্যাজিস্ট্রেটরা অভিযুক্তদের তিন মাস থেকে অনধিক দুই বছর দণ্ড দেওয়ার ক্ষমতা পাবেন।
রোববার সংসদে 'দ্য যুমনা মাল্টিপারপাস ব্রিজ অথরিটি (সংশোধনী) বিল-২০০৯' বিলটি পাসের জন্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সংসদে উত্থাপন করেন। এটি সংসদে কণ্ঠ ভোটে পাস হয়।
এদিন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল 'বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল-২০০৯' ও 'বীমা বিল-২০০৯' এর প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এসইউএম/কেআরসি/এমআই/১৪২০ ঘ.
bdnews24