ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্রে সন্ত্রাস ও অনিয়ম এড়াতে আগামী জুন থেকে ই-টেন্ডার চালু করছে সরকার।
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার রোববার সংসদে এ তথ্য জানিয়েছেন।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাজমা আক্তারের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ২০১০ এর জুনের মধ্যে প্রাথমিকভাবে চালু হবে ই-টেন্ডার। অক্টোবর থেকে পুরোপুরিভাবেই তা চালু হবে।
ই-টেন্ডার চালু হলে বিভিন্ন দরপত্রে অংশ নেওয়ার কাজ অনলাইনে করা যাবে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারি বিভিন্ন দরপত্রে অনিয়মের অভিযোগ ওঠে। এ ক্ষেত্রে অভিযোগের তীর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ-যুবলীগসহ এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিরুদ্ধে।
যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীরা সন্ত্রাসী তৎপরতা চালিয়ে বিভিন্ন কাজে প্রকৃত ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দেয় বলে সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ হয়।
সরকারি দরপত্রে অনিয়ম ও দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আগামী বছরের প্রথম দিন থেকে ডিজিটাল পদ্ধতিতে দরপত্র কার্যক্রম সম্পন্ন করার নোটিস নিয়েছিলেন সাংসদ নাজমা আক্তার।
সংসদের রোববারের অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সম্পর্কে মনোযোগ আকর্ষণের জন্য তিনি নোটিসটি উত্থাপন করেন।
নোটিসে নাজমা আক্তার বলেন, "এ পদ্ধতি চালু হলে ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে গিয়ে দরপত্রের কাগজপত্র বা সিডিউল জমা দিতে হবে না। ডিজিটাল পদ্ধতিতেই জামানতের অর্থ ও সিডিউল জমা দিতে পারবে। এতে স্বচ্ছতা আসবে এবং দীর্ঘসূত্রতা দূর হবে। নির্দিষ্ট সময় পর ব্যবসায়ীরা জানতে পারবেন টেন্ডারে জয়ী হয়েছেন কিনা।"
পরিকল্পনামন্ত্রী ই-গভর্নেন্স চালু করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, ২০১০ সালের জুনে সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ই-টেন্ডার চালু হবে। সব বিভাগে তা চালু হবে আগামী বছরের অক্টোবর মাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/এমআই/১৪০০ ঘ.
bdnews24