সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় রোববার দুপুরে বাউল সাধক শাহ আব্দুল করিমকে তার জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়র ইউনিয়নের উজান ধল গ্রামে স্ত্রী সরলা বিবির কবরের পাশে সমাহিত করা হয়েছে।
সকালে সিলেট ডায়বেটিক হাসপাতালের হিমঘর থেকে বাউল সাধকের মরদেহ দিরাইয়ে নেওয়া হয়। এরপর উপজেলার শহীদ মিনারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শিল্পীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বেলা সাড়ে ১২টায় উপজেলা সদরের বিএডিসি মাঠে শাহ করিমের জানাজায় সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান, জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ, পুলিশ সুপার গোলাম কিবরিয়া, উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, শাহ আব্দুল করিমের আত্মীয়-স্বজন, ভক্তসহ হাজারো মানুষ অংশ নেয়।
দুপুর ২টার দিকে আব্দুল করিমের মরহেদ উজান ধল গ্রামে নিয়ে আসা হয়। কাছের মানুষটিকে শেষবারের মতো দেখতে সেখানে ছিল মানুষের ঢল। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। আত্মীয়-স্বজন, ভক্তকূলের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।
পরে উজান ধল গ্রামের মাঠে শেষ আবার জানাজা হয়। এর পর মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পীর বাড়ির আঙিনায়। সেখানে স্ত্রী সরলা বিবির পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় বাউল সাধককে।
শাহ করিম বার্ধক্যজনিক কারণে শনিবার মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর হযরত শাহজালালের মাজারে আব্দুল করিমের প্রথম নামাজে জানাজা হয়। পরে লাশ রাখা হয় সিলেট ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে ।
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল গ্রামে ১৯১৬ সালে জন্ম আব্দুল করিমের। সঙ্গীতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০০১ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।
আব্দুল করিমের বাবা ছিলেন ইব্রাহিম আলী, মায়ের নাম নাইয়রজান বিবি। গ্রামের নৈশ বিদ্যালয়ে মাত্র ৮দিন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন তিনি। তারপর যা শিখেছেন নিজের চেষ্টায়।
দারিদ্র্যের মধ্যেই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বেড়ে ওঠেন শাহ আব্দুল করিম। শৈশব থেকেই একতারা ছিল তার নিত্যসঙ্গী।
সঙ্গীতের প্রতি তিনি এতটাই অনুুরাগী ছিলেন যে তা ছেড়ে চাকরিতে জড়াননি তিনি। ফলে কাটেনি তার দারিদ্র্য এবং বাধ্য হয়ে নিয়োজিত ছিলেন কৃষিশ্রমে। জীবন কেটেছে সাদাসিধেভাবে। তবে কোনও কিছুই তার সঙ্গীতপ্রেম ঠেকাতে পারেনি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নিতে থাকেন কমর উদ্দিন, সাধক রশিদ উদ্দিন, শাহ ইব্রাহীম মোস্তান বকশ এর কাছ থেকে।
দীর্ঘ এ সঙ্গীত জীবনে বাউল ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ভাটিয়ালি গানেও বিচরণ ছিল তার। লিখেছেন ও সুর দিয়েছেন ১৬শ'র বেশি গান। যেগুলো ছয়টি বইয়ে গ্রন্থিত আছে।
তার উল্লেখযোগ্য গানের মধ্যে আরও রয়েছে- 'গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান...... আগে কী সুন্দর দিন কাটাইতাম', 'বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে', 'বসন্ত বাতাসে', 'আমি কূলহারা কলঙ্কিনী', 'সখী, কুঞ্জ সাজাও গো' ইত্যাদি।
বাংলা একাডেমীর উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে।
লালন শাহ, পাঞ্জু শাহ ও দুদ্দু শাহ এর দর্শনে অনুপ্রাণিত ছিলেন আব্দুল করিম।
২০০৪ সালের এ গুণী শিল্পীর স্মৃতিশক্তি লোপ পায়। এরপর থেকে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে কখনও হাসপাতালে কখনও বাড়িতে দিন কাটান তিনি।
শিল্পীর চাওয়া অনুযায়ী এ বছরের প্রথম দিকে সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়।
২০০০ সালে তিনি কথাসাহিত্যিক আবদুর রউফ চৌধুরী পদক পান। এছাড়া দ্বিতীয় সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন আব্দুল করিম।
তার পাওয়া অন্যান্য পদক ও সম্মাননার মধ্যে রয়েছে- রাগীব-রাবেয়া সাহিত্য পদক ২০০০, আইডিয়া সংবর্ধনা স্মারক ২০০২, লেবাক অ্যাওয়ার্ড ২০০৩, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা ২০০৪, অভিমত সম্মাননা ২০০৬, সিলেট সিটি কর্পোরেশন সম্মাননা ২০০৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৫০ ঘ.
bdnews24