ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজারবাগ পুলিশ লাইনের ভেতর থেকে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার খোকন (২৭) নিজেকে একটি বাসের হেলপার বলে দাবি করেছে।
রাজারবাগ পুলিশ লাইনের ভেতরেই অতিরিক্ত পুলিশ সদস্যরা বসবাস করেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, "বিকেল সাড়ে পাচটার দিকে রাজারবাগ পুলিশ লাইনের ভেতরে রিকুইজিশন করা একটি বাসের কর্মীদের সঙ্গে লুঙ্গিপড়া এক যুবককে ঝগড়া করতে দেখা যায়। পুলিশের সন্দেহ হলে তারা সেখানে তাকে তল্লাশি। তার পায়ের সঙ্গে গামছা দিয়ে বাঁধা একটি বিদেশী পিস্তল উদ্ধার করে পুলিশ।"
তিনি জানান, আটক যুবক খোকন (২৭) নিজেকে বাসের হেলপার বলে দাবি করলেও সে কোন বাসের কর্মী তা জানাতে পারেনি। সে কোন সন্ত্রাসী দলের সদস্য কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২৩৪১ ঘ.
bdnews24