নেত্রকোনা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনা পৌর এলাকার মইনপুর ও বাহির চাপড়া থেকে শনিবার সকালে 'আল্লাহর দল'র সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- পৌর এলাকার মইনপুরের ফজলুর রহমান এবং বাহির চাপড়া গ্রামের হাজেরা খাতুন।
এর আগে নেত্রকোনা শহর ও ময়মনসিংহ থেকে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজন নেত্রকোনা জেলা শাখা আল্লাহ দলের নেতা বলে পুলিশ জানিয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) শেখ নাজমুল আলম জানান, আগে গ্রেপ্তার করা জঙ্গিদের দেওয়া তথ্য থেকে সকালে এ দু'জনকে গ্রেপ্তার করা হয়। তাদের নেত্রকোনা মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নেত্রকোনা মডেল থানা পুলিশ গত ৬ সেপ্টেম্বর শহরের হোসেনপুর এলাকার একটি বাসা থেকে আল্লাহর দলের সদস্য সন্দেহে অনিক আহমেদ জজ, শেখ পারভেজ ও ওমর ফারুক নামের তিনজনকে গ্রেপ্তার করে।
এরপর বুধবার সেপ্টেম্বর রাতে ময়মনসিংহের চরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আল্লাহর দলের জেলা নেতা এরশাদ কবীর রিগ্যান ওরফে রিয়াদকে। রিয়াদের দেওয়া তথ্যমতে শনিবার অভিযান চালানো হয়।
এসপি শেখ নাজমুল আলম আরও বলেন, ৬ সেপ্টম্বর গ্রেপ্তার তিনজনকে শনিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আবার পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর আগেও তাদের পাঁচদিন জিজ্ঞাসাবাদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১২ ঘ.
bdnews24