সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত বাউল সাধক শাহ আব্দুল করিমের স্বপ্ন ছিল উজান ধল গ্রামে তার বাড়ির আঙিনায় একটি সঙ্গীত বিদ্যালয় হবে। যেখানে শিশুসহ সব বয়সিরা গান শিখবে। কিন্তু তা দেখে যেতে পারলেন না তিনি।
শনিবার সিলেটের একটি হাসপাতালে মারা যান শাহ করিম। একুশে পদক পাওয়া এ গুণীর বয়স হয়েছিল ৯৩ বছর। প্রয়াত এ বাউল সাধকের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল গ্রামে।
শাহ করিমের ইচ্ছা ছিল, তার বাড়ির আঙিনাতেই সঙ্গীত বিদ্যালয় হোক। তবে প্রশাসন অন্য স্থানে করতে চাওয়ায় তা ঝুলে যায়।
শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবার স্বপ্ন ছিল সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই চলে গেলেন তিনি।"
আব্দুল করিমের শিষ্য বাউল আব্দুর রহমান বলেন, "গুরুজী তার বাড়ির আঙিনায় সঙ্গীত বিদ্যালয় করতে চেয়েছিলেন। তা স্বপ্নই থেকে গেল।"
এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই বাউল সাধকের (আব্দুল করিম) নামে সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। জায়গা পেলে শিগগিরই সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24