সাতক্ষীরা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর গ্রামে বৃহস্পতিবার রাতে শ্বশুর বাড়ির লোকজনের হাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিহত শ্রাবন্তী সানা (২৫) ওই গ্রামের সুধাংশু সানার স্ত্রী।
পুলিশ স্বামী সুধাংশু সানা, শ্বশুর নির্মল সানা, শাশুড়ি কামিনি সানা ও দেবর শ্যামল সানাকে আটক করেছে।
সদর থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে পুলিশ শিবপুর গ্রামের বাড়ি থেকে শ্রাবন্তীর লাশ উদ্ধার করে। তার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, পাশের বাড়ির প্রদীপ সানা নামের একজনের সঙ্গে পরকীয়া প্রেমের কারণে পারিবারিক কলহের জেরে শ্রাবন্তী খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আটক সুধাংশু সানা সাংবাদিকদের বলেন, পরকীয়া প্রেমের জের ধরে প্রদীপই তার স্ত্রীকে হত্যা করেছে।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.
bdnews24