২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের ভোটার করতে ফের আইন সংশোধনের উদ্যোগ

প্রবাসীদের ভোটার করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বিদেশে বসবাসরত বাংলাদেশী ও দ্বৈত নাগরিকদের ভোটার করতে আইনে দুটি ধারা সংযোজনের প্রস্তাব করে তৈরি খসড়া পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। এটি অনুমোদিত হলে দূতাবাসগুলোর মাধ্যমে ভোটার হতে পারবেন প্রবাসীরা। বিস্তারিত মইনুল হক চৌধুরীর প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 07:05 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের ভোটার করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশে বসবাসরত বাংলাদেশী ও দ্বৈত নাগরিকদের ভোটার করতে আইনে দুটি ধারা সংযোজনের প্রস্তাব করে তৈরি খসড়া পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন মন্ত্রণালয় ধারা দুটির বিষয়ে কিছু ব্যাখ্যা চেয়েছিল। সোমবার তা পূরণ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, মন্ত্রিসভায় অনুমোদন শেষে সংসদের চতুর্থ অধিবেশনেই ভোটার তালিকা আইনের সংশোধনী পাস হয়ে যাবে।" বর্তমানে সংসদের তৃতীয় অধিবেশন চলছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। ছহুল বলেন, "বিদ্যমান ভোটার তালিকা আইনে সংশোধনী এলে সাময়িকভাবে বিদেশে বসবাসরত বাংলাদেশী ও দ্বৈত নাগরিকদের (বাংলাদেশ ও অন্য দেশের নাগরিক) ভোটার হতে আর কোনও আইনি বাধা থাকবে না।" প্রস্তাবিত খসড়া সংশোধনীতে বলা হয়েছে, সাময়িকভাবে বিদেশে বসবাসরত কোনও বাংলাদেশী যিনি বিদেশে বসবাস না করলে দেশে যে নির্বাচনী এলাকার বা ভোটার এলাকার অধিবাসী বলে গণ্য হতেন, তিনি সেই নির্বাচনী এলাকার বা ভোটার এলাকার অধিবাসী বলে গণ্য হবেন। বিদেশে বসবাসরত কোনও বাংলাদেশী যিনি বাংলাদেশ সিটিজেনশিপ (টেম্পরারি প্রভিশনস) অর্ডার ১৯৭২'র বিধান অনুসারে একাধারে বাংলাদেশ ও অন্য দেশের নাগরিক, তিনি ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৮ এর উপধারা (২) এর বিধান সাপেক্ষে ভোটার হিসাবে নিবন্ধিত হতে পারবেন। আইনের ৮(২) ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তির একাধিক নির্বাচনী এলাকা বা ভোটার এলাকায় বসতবাড়ি বা সম্পত্তি থাকলে তার ইচ্ছা অনুযায়ী যে কোনও একটি নির্বাচনী এলাকায় তাকে ভোটার হিসাবে নিবন্ধন করা যাবে। ছহুল হোসাইন বলেন, সংশোধনী পাস হওয়ার পর নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া ভোটার তালিকা বিধিমালায় সন্নিবেশ করবে। প্রস্তাবিত বিধিমালার খসড়াও তৈরি রয়েছে। আইন পাস হলেই দ্রুত ভোটার তালিকা বিধিমালায় তা সংযোজন করা হবে। ২০১০ সালের জুন মাসের মধ্যে প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া শুরুর পরিকল্পনা ইসির রয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসি বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী দূতাবাসে ভোটার আবেদন ফরম পাঠাবে। দূতাবাস থেকে সে দেশে অবস্থানরত বাংলাদেশী ও দ্বৈত নাগরিকরা ফরম সংগ্রহ করে তা পূরণ করে আবার দূতাবাসেই জমা দেবে। এরপর দূতাবাস বাংলাদেশে তাদের স্থায়ী ঠিকানা অনুযায়ী জেলাভিত্তিক প্রাথমিক তালিকা প্রস্তুত করে পাঠাবে ইসির কাছে। ইসি জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তা যাচাই-বাছাই করবে। এরপর ইসি ভোটার নিবন্ধন ফরম (২) দূতাবাসে পাঠানোর পর ভোটারযোগ্যরা দূতাবাসে এসে তা পূরণ করবে। তালিকাভূক্ত হওয়ার জন্যে দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে সত্যায়িত দুই কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ পাসপোর্টের প্রথম ৫ পৃষ্ঠা জমা দিতে হবে। এরপর ছবি, পাসপোর্টের কপি ও ফরম-২ (নিবন্ধন ফরম) ইসির কাছে আবারও পাঠাবে দূতাবাস। এরপর ইসি তাদের নাম ভোটার তালিকাভুক্ত করবে। এরপর দূতাবাসের মাধ্যমে ভোটারদের প্রাপ্তি রশিদ দেওয়ার ব্যবস্থা করবে ইসি। ছবিসহ ভোটার তালিকা অধ্যাদেশ-২০০৭ এবং ভোটার তালিকা বিধিমালা- ২০০৮ সংশোধনীর আনার বিষয়ে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথম উদ্যোগ নেওয়া হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ এবং আইন, বিচার ও সংসদ সচিবালয়ের সঙ্গে বৈঠকও করে ইসি। কিন্তু শেষ পর্যন্ত উদ্যোগ সফল হয়নি। প্রবাসীদের ভোটার করার সম্ভাব্যতা যাচাইয়ে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন ২০০৭ সালে যুক্তরাজ্যও সফর করেন। গত ২৪ ফেব্র"য়ারি সংসদের প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের সময় জারিকৃত অধ্যাদেশ ভোটার তালিকা আইন আকারে পাস হয়। এরপর গত জুলাই মাসে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার করার বিষয়ে ফের উদ্যোগ নেয়। প্রবাসে প্রায় ৬৫ লাখেরও বেশি বাংলাদেশী রয়েছে। ছবিসহ ভোটার তালিকায় প্রথমবারের মতো ২০০৮ সালে ৮ কোটি ১৩ লাখের মতো ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়। এ বছরের জুন মাস থেকে এ তালিকা হালনাগাদের কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১৩১১ ঘ.