২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মন্ত্রীকে সংবর্ধনা দিতে ১০ ঘন্টা বাস চলাচল বন্ধ

নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খানকে দেওয়া গণসংবর্ধনার কারণে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সারা দেশের সঙ্গে মাদারীপুরের বাস চলাচল বন্ধ ছিল। ওই দশ ঘন্টা জেলার সব অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ ছিল। চলাচল বন্ধ রেখে ওই বাসগুলো জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীদের সংবর্ধনাস্থলে আনার কাজে ব্যবহার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 06:16 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খানকে দেওয়া গণসংবর্ধনার কারণে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সারা দেশের সঙ্গে মাদারীপুরের বাস চলাচল বন্ধ ছিল। ওই দশ ঘন্টা জেলার সব অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ ছিল। চলাচল বন্ধ রেখে ওই বাসগুলো জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীদের সংবর্ধনাস্থলে আনার কাজে ব্যবহার করা হয়। আর এর ফলে বিপাকে পড়েন বাসের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে টেম্পোসহ বিভিন্ন বিকল্প বাহনে জেলা সদরে আসতে বাধ্য হন। মাদারীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপর ১২ টায় শহরের লেকপাড় জেলা সদর জামে মসজিদ মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। মাদারীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খায়রুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাস চলাচল বন্ধ রাখার ব্যাপারে আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মন্ত্রীর আগমণ উপলক্ষে শ্রমিকরা সাধারণ যাত্রীদের জন্য গাড়ি বন্ধ করে দিয়ে বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের সংবর্ধনা সভায় আনার জন্য সেসব বাস ব্যবহার করে। বিকেল চারটা থেকে আবার বাস চলাচল স্বাভাবিক হয়।" মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু সাধারণ মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি এবং মাদারীপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি। পরিবহন শ্রমিকসহ দলীয় নেতা-কর্মীরা যাতে সহজেই তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারে সেজন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।" শুধুমাত্র মন্ত্রীর কারণে এভাবে বাস চলাচল বন্ধ রাখা ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি। মাদারীপুর ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলার হাজিরা দিতে আসা জেলার কালকিনী উপজেলার কমলাপুর গ্রামের মকবুল সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তারিখ থাকায় বাধ্য হয়ে তাকে অতিরিক্ত একশ' টাকা ভাড়া দিয়ে শহরে পৌঁছতে হয়। আর সময় লেগেছে স্বাভাবিকের চেয়ে তিন ঘন্টা বেশি। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ফেরদাউস জমাদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক শশী কুমার সিংহ, পুলিশ সুপারিনটেনডেন্ট খুরশিদ হোসেন, পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান এবং রাজৈর আওয়ামী লীগ সভাপতি মোতালেব মোল্লা। নৌ-পরিবহণ মন্ত্রী এর আগে টেকেরহাট বাসস্ট্যান্ড, রাজৈর বাসস্ট্যান্ড এবং চরমুগুরিয়ায় তিনটি পথসভায় বক্তব্য দেন। এছাড়া গণসংবর্ধনা শেষে তিনি জেলা আইনজীবী সমিতির দেওয়া অন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। মন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরোপুরি বাস চলাচল বন্ধ ছিল এটা হয়তো ঠিক নয়। নেতা-কর্মীদের আনা-নেওয়ার জন্য কিছু বাস রিজার্ভ (ভাড়া) করায় রাস্তায় হয়তো বাস কমে গিয়েছিল। এছাড়া নেতা-কর্মীদের পরিবহণের জন্য ঢাকা-মাদারীপুর রুটে আমার ছোট ভাইয়ের মালিকানাধীন 'সার্বিক পরিবহণের' বাস চলাচল দুপুর দুইটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।" বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে শাজাহান খান বলেন, "সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ঢল নামায় শহরে তো বাস চলাচলের জায়গাই ছিল না। তাই মানুষের তেমন একটা দুর্ভোগ হয়েছে বলে আমি মনে করি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/এসকে/২৩৫৫ ঘ.