ঢাকা, সেটেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিচারিক হাকিম (জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতের মামলা পরিচালনায় বিচারকার্য শুরু হওয়ার পরই মামলার নথি (ডকেট বা সিডি) সরকারি কৌঁসুলিদের (পিপি) কাছে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "বিচার কাজের আগ পর্যন্ত সিডি থাকবে পুলিশের কাছে। বিচারের প্রস্তুতি থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত তা থাকবে সরকারি কৌঁসুলির (পিপি ও এপিপি) কাছে।"
মামলা পরিচালনা শেষ হলে তা আগে যেখানে থাকত, সেখানেই থাকবে বলে জানান তিনি।
বৈঠকে আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
সাহারা খাতুন জানান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের মামলা পরিচালনা নিয়ে কোর্ট সাব-ইন্সপেক্টর (সিএসআই), পিপি ও এপিপিদের মধ্যে তৈরি হওয়া সমস্যা নিরসনের জন্য এ আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হয়।
আগে বিচারাধীন মামলাগুলোয় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা (সিএসআই) বিচারকদের সহায়তা করতেন।
তবে গত ২২ জুন আইন মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে পুলিশের কাছে থাকা মামলার নথি পিপিদের কাছে বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়।
এ বিষয়টি নিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। এরপর পুলিশ সদর দপ্তর থেকে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা কার্যকর না করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের বলা হয়।
এতেই পুলিশ ও পিপিদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মামলার নথি কার্যত পুলিশের হেফাজতে থাকবে। সেখান থেকে সরকারী কৌঁসুলি প্রয়োজনের সময় নিয়ে বিচার কাজ শেষে তা ফিরিয়ে দেবেন।
শিগগির আইন মন্ত্রণালয়ের আগের পরিপত্রের সংশোধন করে নতুন পরিপত্র জারির উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/১১২৭ ঘ.
bdnews24