২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁধ মেরামত ও নতুন কর্মসংস্থানের দাবি আইলা দুর্গতদের

ঘূর্ণিঝড় আইলা দুর্গত দক্ষিণাঞ্চলের অধিবাসীরা বাঁধ মেরামত, চিংড়ি ঘেরের ওপর নজরদারি এবং তাদের জন্য উপার্জনের পথ বের করতে আরও কাজের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার নগরীর ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত এক কর্মশালায় তারা এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আইলা দুর্গত দক্ষিণাঞ্চলের অধিবাসীরা বাঁধ মেরামত, চিংড়ি ঘেরের ওপর নজরদারি এবং তাদের জন্য উপার্জনের পথ বের করতে আরও কাজের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার নগরীর ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত এক কর্মশালায় তারা এ দাবি জানান। ওই আইলা উপদ্রুতরা জানান, উপকূলীয় এলাকায় আটকে থাকা লবণাক্ত পানির সঙ্গে কীটনাশক ও সার মিশে যাওয়ায় কৃষকরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। নষ্ট হয়ে গেছে সেখানকার ফসল উৎপাদন ব্যবস্থা। এছাড়া আগে পুকুরের পানি পান ও অন্যান্য সাংসারিক কাজ করা গেলেও এখন তারা খাওয়ার পানির তীব্র সঙ্কটে আছেন। জনসংখ্যার তুলনায় দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সংখ্যা পর্যাপ্ত নয় বলেও তারা জানান। 'কমিউনিটি ভয়েস ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন অ্যান্ড ডিজাস্টার রিস্ক রিডাকশন' শীর্ষক ওই কর্মশালায় ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকা খুলনা ও বাগেরহাট এবং সিরাজগঞ্জের বন্যাকবলিতদের প্রতিনিধিরা অংশ নেন। এতে সিরাজগঞ্জ ও চলন বিল এলাকার বন্যাকবলিতরা তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন। তারা জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নাজুক অবস্থা সেখানকার দীর্ঘদিনের সমস্যা। বন্যা সতর্কীকরণের কোনও ব্যবস্থা না থাকায় অনেক সময় প্রস্তুতি নেওয়ার আগে বন্যার পানি ঢুকে পড়ে। এ ধরনের পরিস্থিতির পর পোকা-মাকড়ের আক্রমণও বেড়ে যায়। অভিজ্ঞতা তুলে ধরে তারা জানান, ছোট ছোট নদী ও বাঁধের ওপর তেমন কোনও নজরদারি না থাকায় এমন বন্যা হচ্ছে। ওই এলাকার ফসল ও স্বাভাবিক জীবনযাত্রা রক্ষায় নিয়মিত ড্রেজিং ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের সুপারিশ করেন তারা। কর্মশালায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাঁধগুলোর সমস্যার কথা স্বীকার করেন। তবে আগামী নভেম্বর মাসের আগে তা মেরামত করা সম্ভব নয় বলেও জানান তিনি। "আমরা যত দ্রুত সম্ভব বাঁধগুলো মেরামতের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। তবে জোয়ার ও বৃষ্টির কারণে এ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ..জোয়ার বা বন্যার পানি প্রতিরোধী বাঁধগুলোর মেরামত আগামী শুকনো মৌসুমে শুরু হবে," বলেন তিনি। মন্ত্রী জানান, উপকূলীয় এলাকার অধিবাসীদের আশ্বস্ত করতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহায়তায় শিগগির বাজারে আসবে লবণাক্ত পানিতে চাষাবাদযোগ্য নতুন ধান বিআর-৪৭। তিনি বলেন, "বন্যা ভোগান্তি আনলেও চাষের জন্য তা প্রয়োজন। আমরা কেবল বন্যার ঝুঁকি কমাতে পারি, থামাতে পারি না।" সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এর সহায়তায় 'বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার' (বিডিপিসি) এবং এনজিও কো-অর্ডিনেশন কাউন্সিল ফর ক্লাইমেট চেঞ্জ (এনসি৪) এ কর্মশালার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এজে/এসকে/২২৩০ঘ.