ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুরে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
নিহত রাসেল উদ্দীন আহমেদ (২২) মিরপুর বাংলা কলেজের ইংরেজি বিভাগ থেকে এ বছর স্নাতক পরীক্ষায় অংশ নিয়েছেন।
মীরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা রাত সাড়ে ৮টার দিকে রাসেলকে গুলি করে। এখনও ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
রাত ১০টার দিকে রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেলের বাসা ৩০২/১ আহম্মেদনগর, পাইকপাড়া। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।
মা জরিনা বেগম জানান, তিনমাস আগে রাসেলের ছোটভাই নাফিসউদ্দীন আহমেদ রুবি নামের এক মহিলাকে বিয়ে করে। এ বিয়ে মেনে নেয়নি তার পরিবারের সদস্যরা। এরপর থেকেই তার পরিবারকে ওই মহিলা নানাভাবে হুমকি দিচ্ছিল।
নিহতের মায়ের ধারণা, এই বিয়ে নিয়ে বিরোধের জের ধরেই খুন হয়েছেন রাসেল।
জরিনা বেগম জানান, রাত সাড়ে ৮টার দিকে সে (রাসেল) সুগন্ধি কিনতে বাসা থেকে বের হয়। স্থানীয় মনিরউদ্দীন মার্কেটের সামনে পৌঁছলে সেখানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। বেশ কিছুক্ষণ রাসেল সেখানে পরে থাকে। পরে পুলিশ ও স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২২৩০ ঘ.
bdnews24