গাজীপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তার চুরির অভিযোগে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে গাজীপুরের একটি জিপার কারখানার মালিকসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা হয়েছে।
পুলিশ রাতে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
গাজীপুর সদরের টিডিকে জিপার কারখানার শ্রমিক সেলিম খন্দকারকে হত্যার অভিযোগে জয়দেবপুর থানায় মামলাটি করেন তার মামা মফিজুল ইসলাম খন্দকার।
নিহত সেলিম খন্দকার বগুড়ার শেরপুরের নাঙ্গলমোড়ার আব্দুল বাকী খন্দকারের ছেলে।
মামলার আসামিরা হলেন- টিডিকে জিপার কারখানার মালিক মোখলেছুর রহমান, তার গাড়ির চালক সিদ্দিক, অফিস সহকারী বায়োজিদ, কারখানার ফ্লোর ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বিল্লাল হোসেন ও জাফর মিয়া, কালারম্যান আবুল খায়ের এবং নিরাপত্তাকর্মী আব্দুর রাজ্জাকসহ অজ্ঞাত আরও কয়েকজন।
মামলার এজাহারে বলা হয়, সেলিম মিয়া প্রায় দুই মাস ধরে ওই কারখানার ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো তিনি কারখানায় কাজে যান। সেলিমকে কারখানায় আটকে রেখে মারধর করা হচ্ছে বলে মঙ্গলবার রাতে বাদি মোবাইলফোনে খবর পান।
পরদিন বুধবার বিকেলে তিনি বগুড়া থেকে কারখানা এলাকায় এসে স্থানীয় লোকজনের কাছে জানতে পারেন, বিদ্যুতের তার চুরির অভিযোগে উল্লেখিত আসামিরাসহ আরও কয়েকজন কারখানার শ্রমিক রাজু, সেলিম, ছোট রাজু ও মনোয়ারুলকে কারখানার একটি কক্ষে আটকে রেখে মারধর করেছে। পরে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ফোন করে জানায় সেলিমকে মৃত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মুখ, ডান হাতের কুনুই এবং দুই পায়ের উরুসহ সেলিমের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলেও এজাহারে বলা হয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সেলিমের লাশ তার স্বজনরা নিয়ে গেছেন।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাত আটটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার আসামী নিরাপত্তাকর্মী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24