ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আইলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চারটি উপজেলায় আরও ছয় কোটি টাকা গৃহনির্মাণ মঞ্জুরি বরাদ্দ দিয়েছে সরকার।
এই চার উপজেলা হলো- খুলনার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি। প্রতিটি উপজেলায় এক কোটি ৫০ লাখ টাকা করে দেওয়া হবে।
এছাড়া ক্ষতিগ্রস্ত অন্য উপজেলাগুলোর জন্য আরো চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে 'কমিউনিটিস ভয়েস ফর চেঞ্জ অ্যাডাপটেশন অ্যান্ড ডিজাস্টার রিস্ক রিডাকশন' শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।
ক্ষতিগ্রস্ত এলাকার দুর্গতদের আগামী চারমাসে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) এ কর্মশালার আয়োজন করে।
আব্দুর রাজ্জাক বলেন, "আইলায় ক্ষতিগ্রস্ত অনেক লোক এখনো খোলা আকাশের নিচে বা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছে। মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের কর্মসংস্থান সৃজন প্রকল্পের আওতায় এ এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়া হবে।"
বিশুদ্ধ পানির জন্য 'ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট' স্থাপনে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকার একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে আন্তর্জাতিক স
bdnews24