রংপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে রংপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে ঠিকাদারদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
পুলিশ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) নুর আলম ও ঠিকাদাররা জানান, রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি সড়ক সংস্কার ও পুনর্নিমাণ কাজের দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিল আজ (বৃহস্পতিবার)। এলজিইডি'র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দরপত্র জমা দিতে গেলে ঠিকাদারদের বাধা দেয় ছাত্রলীগের কর্মীরা।
তারা জানান, সকাল থেকে ছাত্রলীগের ১৫/২০ জন কর্মী নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দরপত্র জমা দিতে ঠিকাদারদের বাধা দেওয়া শুরু করে।
পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে এলজিইডি ভবনে পুলিশ মোতায়েন করা হয়। দুপুর পৌনে ১টার দিকে ছাত্রলীগ র্কর্মীরা আবারও ঠিকাদারদের বাধা দেয়।
এ নিয়ে ঠিকাদারদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ অবস্থায় ছাত্রলীগ কর্মীরা দরপত্র বাক্স ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগ কর্মী রতন (২৫) ও রুবেলকে (২২) আটক করেছে।
আহতদের মধ্যে বাবু ও ছালাম নামে দুজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি জন্ডিসে আক্রান্ত। বাসায় আছি।"
তবে দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ঠিকদারদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রংপুর জেলা শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস জানান, ঠিকাদারদের সঙ্গে সংঘর্ষের সময় আটককৃতরা ছাত্রলীগের কর্মী।
ছাত্রলীগ কর্মীরা এলজিইডি ভবনে কেন গিয়েছিলেন এ বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, "আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমি জানি না তারা কেন সেখানে গিয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪২ ঘ.
bdnews24