ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক তামান্না হক মুনিরার লাশ পুনঃময়না তদন্তের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক এ আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, মাদারীপুর জেলার সিভিল সার্জনের (সরকারি চিকিৎসক) নেতৃত্বে বোর্ড গঠন করে আবারও লাশের ময়না তদন্ত করা হোক।
পুনঃময়না তদন্তের জন্য লাশ উত্তোলনের সময় মাদারীপুরের জেলা ম্যাজিস্ট্রেটকে উপস্থিত থাকার জন্য আদালতের আদেশে বলা হয়েছে।
নানার বাড়ি মাদারীপুরের কালকিনী উপজেলার সাহেব রামপুর গ্রামে তামান্নাকে কবর দেওয়া হয়।
গত ২৯ আগস্ট রাজধানীর উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচায় শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় তামান্নার লাশ উদ্ধার করা হয়। তামান্নার পরিবারের অভিযোগ, তামান্নাকে হত্যার পর তা ঢাকার চেষ্টা করছে শ্বশুরবাড়ির লোকজন।
হত্যার অভিযোগ এনে তামান্নার ভাই একটি মামলাও করেন।
এর আগে আদালত মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক আব্দুর রহমানের কাছে পুনঃময়না তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি তার অনাপত্তির কথা জানান।
তামান্নার ভাই মো. আহসান উল মনিরের দায়ের করা মামলায় তামান্নার স্বামী ডা. ফকরুল ইসলাম, শাশুড়ি সেলিনা বেগম ও শ্বশুর ফরহাদ উদ্দিনকে আসামি করা হয়।
ফকরুল ইসলাম পলাতক, ফরহাদ উদ্দিন জামিনে এবং সেলিনা বেগম কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৭৪০ ঘ.
bdnews24