২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পত্রিকা কার্যালয়ে হামলা, একজন গুলিবিদ্ধ

সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি কার্যালয়ে বৃহস্পতিবার ভোরে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তাদের ছোড়া গুলিতে পত্রিকাটির কম্পিউটার অপারেটর হাসান চৌধুরী (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 11:02 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

সাভার, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি কার্যালয়ে বৃহস্পতিবার ভোরে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তাদের ছোড়া গুলিতে পত্রিকাটির কম্পিউটার অপারেটর হাসান চৌধুরী (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংবাদিকরা এক প্রতিবাদ সমাবেশ করেন। পত্রিকা কর্তৃপক্ষ জানায়, ভোর সাড়ে ৬ টার দিকে স্বরনিকা আবাসিক এলাকায় ফুলকি কার্যালয়ে আচমকা হামলা ও গুলিবর্ষণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ঘুমিয়ে থাকা কম্পিউটার অপারেটর হাসান চৌধুরী পেটে বিদ্ধ হন। তাকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সরকারদলীয় সাংসদ তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, বিএনপি'র সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাভার কন্ঠ'র ভারপ্রাপ্ত সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ গুলিবিদ্ধ হাসানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এবং তার খোঁজ-খবর নেন। দৈনিক ফুলকি'র সম্পাদক নাজমুস সাকিব সাংবাদিকদের জানান, বিভিন্ন সময় তার পত্রিকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে। তার সঙ্গে কারও কোন শত্র"তা নেই বলে তিনি দাবি করেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৈনিক ফুলকি কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দৈনিক ফুলকি কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকালে সাভারে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সমাবেশ করেন। ইত্তেফাকের প্রতিনিধি তুহিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জাভেদ মোস্তফা, মো. সামসুজ্জামান, গোবিন্দ আর্চায্য ও তোফাসানি। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২০ ঘ.