২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ন্যাশনাল ব্যাংকের টাকা লুট: প্রহরীর জবানবন্দি, পাঁচজন রিমান্ডে

নাটোরের ন্যাশনাল ব্যাংক থেকে এক কোটি ৬২ লাখ টাকা লুটের মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকের প্রহরী জুলফিকার আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

নাটোর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের ন্যাশনাল ব্যাংক থেকে এক কোটি ৬২ লাখ টাকা লুটের মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকের প্রহরী জুলফিকার আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। (আরও তথ্যসহ) আদালত ব্যাংকের তিন কর্মকর্তাসহ পাঁচজনকে তিনদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ন্যাশনাল ব্যাংকের গ্রেপ্তারকৃত প্রহরী জুলফিকার আলীকে নাটোরের বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করতে রাজী হন। অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিম আক্তারুজ্জামানের খাস কামরায় দীর্ঘ সময় ধরে জুলফিকার আলী ব্যাংকের টাকা চুরির কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুুরে আটককৃত ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলাম, বেলাল উদ্দিন ও খন্দকার শাহাদৎ হোসেন, প্রহরী আব্দুল খাত্তাব ও জুলফিকার আলীর বড় ভাই আসাদুজ্জামানকে মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতে নেওয়ার অনুমতি চাওয়া হয়। তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হলে চুরি যাওয়া টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে। অন্যদিকে আসামিদের পক্ষের আইনজীবীরা জানান, আসামিদের তিনদিন ধরে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হেফাজতে নিয়ে নতুন করে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নাই। উভয় পক্ষের শুনানি শেষে মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন অভিযুক্তদের এই মামলায় গ্রেপ্তার দেখান এবং তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালতের আদেশের পরপরই গোয়েন্দা পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সনাক্ত করা গেলেও তারা গা-ঢাকা দিয়েছে। গত রোববার রাতে নৈশপ্রহরীর উপস্থিতিতে ন্যাশনাল ব্যাংকের এক কোটি ৬২ লাখ টাকা লুট হয়। সোমবার সকালে পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন। দুর্বৃত্তরা ব্যাংকের অন্তত ২০টি তালা খুলে এ টাকা নিয়ে যায়। এ ঘটনায় নৈশপ্রহরী জুলফিকার আলী ও আব্দুল খাত্তাবকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২৫১ঘ.