ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপাল ও ভুটানে প্রবেশে বাংলাদেশকে স্থল পথ ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে ভারত। বিপরীতে আশুগঞ্জ বন্দর থেকে পণ্য পরিবহনে ভারতকে সুবিধা দেবে বাংলাদেশ।
বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ভারত সফরের মধ্যেই এ বিবৃতি এলো।
গত ৭ সেপ্টেম্বর ভারত সফর শুরু করে সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন দীপু মনি।
বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ নিয়ন্ত্রণে সহযোগিতা এবং সাজাপ্রাপ্ত অপরাধীদের হস্তান্তরেও দুই দেশ সম্মত হয়েছে।
ভারত 'অগ্রাধিকার ভিত্তিতে' বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতেও রাজি হয়েছের বলে বিবৃতিতে জানানো হয়। তবে তার আগে দুই দেশের মধ্যে যৌথ পাওয়ার গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনার নিয়ে একটি জরিপ করা হবে।
দীপু মনির সফরে চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়া নিয়েও আলোচনা হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
গত সোমবার ভারত সফরে যান দীপু মনি। বৃহস্পতিবার বিকালে তার ঢাকা ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এজে/এমআই/১৭০০ ঘ.
bdnews24