সিলেট, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ জোয়েন্টিফোর ডটকম)- স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট নগরীতে বুধবার বিকেলে দেড়ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছে।
এর ফলে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সিলেট সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, নগরীর ব্রহ্মময়ী বাজারের ওয়াহিদ জুয়েলার্সের সত্বাধিকারী সাব্বির আহমদকে বেলা ১২টায় গোলাপগঞ্জ থানা পুলিশ একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করে। এ সময় তার দোকান থেকে এক ভরি এক আনা চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়। এরপর বিকেল ৩টার দিকে তার দোকানের ব্যবস্থাপক রমাকান্ত সিংহ ও রাসেল আহমদকেও গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে নগরীর স্বর্ণ ব্যবসায়ীরা বেলা সাড়ে ৩টা থেকে বন্দরবাজার হকার্স পয়েন্টে সড়ক অবরোধ করে। এর ফলে ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এসে স্বর্ণ ব্যবসায়ীদের শান্ত করেন। আটক ব্যবসায়ী ও কর্মচারীদের তিনি নিজের জিম্মায় ছাড়িয়ে আনার ঘোষণা দিলে বেলা ৫টায় অবরোধ প্রত্যাহার করে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোলাপগঞ্জের বাঘায় একটি বাড়ি থেকে ডাকাতি হওয়া স্বর্ণ বুধবার ওই দোকান থেকে উদ্ধার করার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।
সিলেট জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহমদ বলেন, পুলিশ অযথা হয়রানিমূলকভাবে স্বর্ণ ব্যবসায়ী ও দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে। তাই বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে।
বিডিনিউজ জোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৫ ঘ.
bdnews24