ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বুধবার বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর পানি বণ্টন বিষয়ে ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনসালের সঙ্গে আলোচনা করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে দুই দেশের অভিন্ন নদীর পানি বণ্টনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কিনা- সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
এর আগে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে আলোচনায় অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি ও এ খাতে পারস্পরিক সহযোগিতা এবং রেল খাতের উন্নয়নে ভারতের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন দীপু মনি।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২৩৫ঘ.
bdnews24