্রঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি পাওয়া প্রশাসনের আরও ১৬৬ কর্মকর্তাকে বুধবার আগের পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে উপ-সচিব থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় সদ্য পদোন্নতি পাওয়া ৪৯৪ কর্মকর্তার মধ্যে ১৮৬ জনকে তাদের আগের দায়িত্বে বহাল রাখা হলো।
এর আগে পদোন্নতি পাওয়ার পরদিন গত মঙ্গলবার ২০ কর্মকর্তাকে আগের পদে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে প্রশাসনের উপ-সচিব থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার তিনটি পর্যায়ে ৪৯৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। আদেশে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ৬০ জন, উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে ১৬৩ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপ সচিব পদে ২৭১ জনকে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতির পর তাদের সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছিল।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয় আলাদা আদেশে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া ৬০ জনের মধ্যে ১৩ জনকে, যুগ্ম-সচিব পদের ১৬৩ জনের মধ্যে ৩৮ জনকে এবং উপ-সচিব পদের ২৭১ জনের মধ্যে ১১৫ জনকে আগের পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
এদের মধ্যে মাঠ প্রশাসনের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) দায়িত্ব পালন করা অবস্থায় উপ-সচিব পদে পদোন্নতি পাওয়া ৭৯ জনও রয়েছেন।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের আলাদা আদেশে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া ২ জন এবং উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া ১৮ কর্মকর্তাকে আগের দায়িত্বে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।
ওদিকে, উপ-সচিব পর্যায়ের কয়েকজন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে বুধবার।
বুুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপ-সচিব ড. আবদুল হক তালুকদারকে কারিগরি শিক্ষা বোর্ডের সচিব, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুর রহমানকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) অতিরিক্ত পরিচালক, চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক বাবুল চন্দ্র রায়কে নিপোর্টের পরিচালক (প্রশাসন) ও রাজবাড়ী প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক রফিকুল ইসলাম আকন্দকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এসএইচ/এসকে/২০৩৫ঘ.
bdnews24