ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী নেতৃত্বে ছিল- এমন বক্তব্য দিয়ে বুধবার সাংসদদের তোপের মুখে পড়েন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম। পরে অবশ্য তিনি আগের বক্তব্য থেকে সরে বলেন, রাজনৈতিক নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে।
সংসদে প্রশ্নোত্তর পর্বে জাসদ নেতা মইনুদ্দিন খান বাদল সম্পূরক প্রশ্নে বলছিলেন- "মুক্তিযুদ্ধ একটি রাজনৈতিক যুদ্ধ। অথচ যুদ্ধের পর যে সব গুরুত্বপূর্ণ খেতাব দেওয়া হয়েছে, তার অধিকাংশই সেনাবাহিনী পেয়েছে।"
উত্তরে প্রতিমন্ত্রী বলেন, "খেতাব সবাই পেয়েছেন। মায়া ভাইও (আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী) খেতাব পেয়েছেন। যেহেতু মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী নেতৃত্বে ছিল। সেহেতু বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, বীর প্রতীক এসব খেতাব তারা বেশি পেয়েছেন,....."
তাজুল এটুকু বলতেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংসদরা তুমুল হৈচৈ করে এ বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন। ওই সময় সংসদ পরিচালনায় ছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী।
এক পর্যায়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দাঁড়িয়ে ডেপুটি স্পিকারকে বিষয়টি সমাধান করে দেওয়ার অনুরোধ জানান।
এরপর প্রতিমন্ত্রী আগের বক্তব্য থেকে সরে এসে বলেন, "রাজনৈতিক নেতৃত্বের হুকুমে মুক্তিযুদ্ধ হয়েছে।"
খেতাবের বিষয়ে তিনি বলেন, "বঙ্গবন্ধুর সরকারই খেতাব দিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে এ যুদ্ধ হয়েছে, তাদের কী সম্মানে ভূষিত করা যায়- তা সরকার বিবেচনা করবে। সিভিলিয়ানদের জন্য কী সম্মান ও খেতাব প্রবর্তন করা যায়, তার একটি প্রস্তাব সরকারের কাছে আমি তুলে ধরব।"
তাজুল একই সঙ্গে বলেন, বিগত সময়গুলোতে স্বাধীনতাবিরোধীরা সরকারের ছিলো বলে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাজুল বলেন, তিনি ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে সেনাবাহিনীতে যোগ দেন।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যের পর সংসদে ১৫ মিনিটের চলা উত্তাপের অবসান ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর যটকম/এসএম/কেআরসি/এমআই/১৪১২ ঘ.
bdnews24