ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর, চট্টগ্রাম ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
শেরপুরে নিহত পুন্নি (৩) চক পাঠান এলাকার বাসিন্দা মমতাজ আলীর কন্যা। নীলফামারীতে নিহত নিজু (১৬) জলঢাকা পৌর এলাকার দক্ষিণ বগুলাগাড়ি গ্রামের মোমিনুর রহমানের ছেলে। আর চট্টগ্রামে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেরপুর প্রতিনিধি জানান, শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানের নিচে চাপা পড়ে বুধবার সকালে পুন্নি নিহত এবং তার ভাই সজীব (৫) আহত হয়েছে।
সকাল ১০টার দিকে শহরের চক পাঠান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই শিশু রাস্তার পাশে খেলছিলো। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পুন্নি মারা যায়।
সজীবকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই নজরুল জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ভ্যানচালক বাবুল মিয়াকে আটক বলে পুলিশে সোপর্দ করেছে।
এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
চট্টগ্রাম অফিস জানায়, নগরীর দেওয়ানহাট ওভারব্রিজে বুধবার ভোরে ট্রাক চাপায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
ডবলমুরিং থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেওয়ানহাট ওভারব্রিজের ফুটপাথে ঘুমন্ত তিন পথচারীকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি।
দমকল বাহিনীর কর্মীরা গুরুতর আহত অবস্থায় আহত অপর দুজন সুমন ও জয়নালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে ভর্তি করে বলে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহুর জানিয়েছেন।
এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।
নীলফামারী প্রতিনিধি জানান, রংপুর-জলঢাকা সড়কে মঙ্গলবার রাতে ট্রাকচাপায় একজন নিহত এবং দুজন আহত হয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে আমরুলবাড়ি এরশাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর থেকে বুড়িমারীগামী মালবাহী একটি ট্রাক এরশাদ মোড়ে বিপরীতমুখী একটি রিক্সাভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানযাত্রী নিজু ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহতরা হলেন দক্ষিণ কাজিরহাট এলাকার আসাদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৩০) ও বগুলাগাড়ি গ্রামের মহদ্দি মামুদের ছেলে নুরুল ইসলাম (২২)। তাদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ওসি আরমান জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কিউএইচ/এফএফ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24