২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় ট্রলারডুবির ঘটনায় আরও ২ টি লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদীতে রোববার ডুবে যাওয়া ট্রলারের আরও দুই যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মহসীন (২১) ও অজ্ঞাত (৫০) এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। মহসীন খিলগাঁও মডেল ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদীতে রোববার ডুবে যাওয়া ট্রলারের আরও দুই যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মহসীন (২১) ও অজ্ঞাত (৫০) এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। মহসীন খিলগাঁও মডেল ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। এ নিয়ে ওই দুর্ঘটনার পর চার যাত্রীর লাশ উদ্ধার হলো। এছাড়া নিখোঁজ রয়েছে আরও দু'জন। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে পোস্তগোলা শ্মশানঘাটের পাশে বুড়িগঙ্গা নদী থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট ও খয়েরি শার্ট। রোববার বিকেলে নারায়ণগঞ্জের পাগলা থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসার পথে একটি ট্রলারকে চর কালীগঞ্জের কাছে বালুবাহী আরেকটি ট্রলার পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি সেখানেই ডুবে যায়। পুলিশ কর্মকর্তা আবুল কালাম জানান, রোববার দুর্ঘটনার পর প্রাথমিকভাবে চারজনকে নিখোঁজ পাওয়া যায়। ওই দিন রাতেই রহিমা বেগম (২৯) ও তার ছেলে আরিফের (৯) লাশ উদ্ধার হয়। তবে মঙ্গলবার উদ্ধার করা লাশ দুটি নিখোঁজ তালিকায় ছিল না। এ ঘটনায় নাজমা (৯) এবং ইয়ামিন (৪) নামে দুটি শিশু এখনও নিখোঁজ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩৫৮ঘ.