ঝিনাইদহ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে এক যুবককে প্রতিপক্ষের লেকাজন হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
সোমবার বিকেলে শফিকুল ইসলাম টুলু (২৭) নামের ওই যুবককে হাতুড়ি দিয়ে পেটানো হয়। মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শফিকুল ওই গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় এনামূল হক রিটুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে লাউদিয়া গ্রামের স্কুল শিক্ষক রেজাউল ইসলাম জানান, শফিকুল ইসলাম ও শরফুদ্দিন এই দুই ভাই গ্রামের পরিত্যক্ত রানা ডেইরি ফার্ম ইজারা নিয়ে ৫/৭ বছর ধরে মাছ ও কলা চাষ করে আসছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলাকার কিছু লোক মাছের খামারের কিছু এলাকা দখল করে নেয়। বাগানের কয়েকটি কলাগাছও কিছুদিন আগে কেটে দেয়। এ নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
তিনি বলেন, সোমবার বিকেলে শফিকুল ও শরফুদ্দিন তাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের হামলা করতে এলে শরফুদ্দিন দৌড়ে বাড়িতে ওঠেন এবং শফিকুল একটি চায়ের দোকানে আশ্রয় নেন। সন্ত্রাসীরা শফিকুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, মাছের খামার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে খুনের ঘটনা ঘটে। এলাকার জাহিদুল হাসান নামের একজনের নেতৃত্বে তিন থেকে চারজন যুবক এ হামলা করে।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24