নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা বরপা এলাকায় সোমবার রাতে যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আব্দুল আউয়াল (৪২) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
ছিনতাইকারীরা ব্যবসায়ীর দেড় লাখ টাকা মূল্যের কাপড় ও টাকা লুট করে নিয়ে গেছে।
আব্দুল আউয়াল ঢাকার কদমতলী জুরাইন এলাকার আব্দুল হাকিমের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
তিনি জানা, সোমবার রাতে ঢাকার জুরাইন এলাকার ব্যবসায়ী আব্দুল আউয়াল রূপগঞ্জের পাইকারী কাপড়ের মার্কেট গাউছিয়া থেকে কাপড় কিনে ভাড়া করা মাইক্রোবাস নিয়ে ঢাকায় ফিরছিলেন।
রূপগঞ্জের ভুলতা বরপা এলাকায় এলে যাত্রীবেশী তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে কাপড় ব্যবসায়ী আব্দুল আউয়ালের সঙ্গে থাকা নগদ টাকা ও কাপড় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই কাপড় ব্যবসায়ী আব্দুল আউয়ালের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24