রাজশাহী, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মহানগরীর নিম্নবিত্ত পরিবারের সদস্যদের মধ্যে ১২ দশমিক ২১ শতাংশের সাক্ষর জ্ঞান নেই। আর উচ্চ মাধ্যমিক পাস করেছে মাত্র চার দশমিক ৪৮ শতাংশ।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাজশাহী নগরীতে পরিচালিত এক জরিপের ফলাফলে এ তথ্য জানা যায়। সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজশাহী নগরীতে এ জরিপ চালায়।
সোমবার সনাক এর রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপক জেসমিন আক্তার পান্না স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ১০৯টি নিুবিত্ত পরিবারের ৪৯১ জন সদস্যের ওপর এ জরিপ চালানো হয়।
এতে দেখা যায়, শুধুমাত্র ১৫ দশমিক ০৭ শতাংশ নিজেদের নাম সাক্ষর করতে পারেন। এদের ১৯ দশমিক ৭৫ শতাংশ প্রাথমিক পর্যায় পর্যন্ত পড়ালেখা করেছেন। মাধ্যমিক পাশ করেছেন আট দশমিক ৩৫ শতাংশ। নিজ উদ্যোগে বাসায় পড়াশুনা করেছেন এক দশমিক ২২ শতাংশ। নিম্ন মাধ্যমিক পাশ করেছেন ১৭ দশমিক ৯২ শতাংশ।
পরিবারগুলোর ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ছিল ২১ শতাংশ। পরিবারের প্রতিনিধি হিসেবে ১০৯ জন উত্তরদাতার মধ্যে বিনোদন ও তথ্য জানার জন্য গণমাধ্যমের আশ্রয় নেন ২০ দশমিক ১৯ শতাংশ। এসব গণমাধ্যমের মধ্যে ১৩ দশমিক ৬০ শতাংশ টেলিভিশনকে, তিন দশমিক ৫৪ শতাংশ বেতার এবং দুই দশমিক ৮৫ শতাংশ মানুষ সংবাদপত্র বেছে নেন।
সনাক এর সংবাদক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরিপে উত্তরদাতাদের মধ্যে নারী ছিলেন ৭৭ জন এবং পুরুষ ৩২ জন। ২ থেকে ৫ সেপ্টেম্বর নগরীর মালদা কলোনী, আসাম কলোনী, পঞ্চবটি, নওদাপাড়া ও শ্রীরামপুর বস্তিতে এই জরিপ চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২০ ঘ.
bdnews24