২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘদিন পর পদোন্নতি পেলেন '৮৪ ব্যাচের ১৭ কর্মকর্তা

দীর্ঘ দিন ধরে সিনিয়র সহকারী সচিব পদে দায়িত্ব পালন করে সোমবার উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৭ কর্মকর্তা। এছাড়া রাজনৈতিক কারণেই সাড়ে পাঁচ বছর পদোন্নতি 'বঞ্চিত' ছিলেন একই ব্যাচের ১২০ কর্মকর্তা। সোমবার তারা যুগ্ম-সচিব পদে পদোন্নতি পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ দিন ধরে সিনিয়র সহকারী সচিব পদে দায়িত্ব পালন করে সোমবার উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৭ কর্মকর্তা। এছাড়া রাজনৈতিক কারণেই সাড়ে পাঁচ বছর পদোন্নতি 'বঞ্চিত' ছিলেন একই ব্যাচের ১২০ কর্মকর্তা। সোমবার তারা যুগ্ম-সচিব পদে পদোন্নতি পান। সদ্য পদোন্নতি পাওয়া উপসচিব মোহাম্মদ ইসহাক বলেন, "১৯৮৪ ব্যাচের প্রায় সকলেই এর আগে পদোন্নতি পেলেও ২১ জন বঞ্চিত ছিলেন। এছাড়া অন্য ব্যাচের আরও ১৪ জন বঞ্চিত কর্মকর্তা রয়েছেন।" সব মিলিয়ে ৩৫ জনের মধ্যে ১৭ জন এবার পদোন্নতি পেয়ে উপ-সচিব হয়েছেন। একই ব্যাচের ১২০ জন কর্মকর্তা একই সময়ে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করায় প্রশাসনের এসব কর্মকর্তা বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার এবং পরবর্তীসময়ে ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় পদোন্নতি 'বঞ্চিত' হন। সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (এপিডি) ও সদ্য অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী জানান, এবারের পদোন্নতির তালিকায় সর্বনিু নবম ও দশম (৯০ ও ৯১ সালের) ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হয়েছে। তবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিতদের। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উপ-সচিব থেকে যুগ্ম-সচিব, যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব এবং অতিরিক্ত সচিব থেকে সচিব পদে কয়েক দফায় পদোন্নতি দেওয়া হয়। এ সময় মাত্র দুইজন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দেওয়া হয়। আবু আলম শহীদ খান ও মিখাইল শিপার নামের ওই দুই কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তার দায়িত্ব পালন করেন। আর এ কারণেই তারা জোট সরকারের সময় বারবার পদোন্নতি 'বঞ্চিত' হন। ওই ব্যাচের সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তা পীরজাদা শহীদুল হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত সাড়ে পাঁচ বছরে ছয়বার পদোন্নতির তালিকায় নাম আসার পরও পদোন্নতি হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ফেনীতে জয়নাল হাজারীর এলাকা ও কুমিল্লার দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকায় ইউএনও থাকার অপরাধে বারবার এ বঞ্চনার শিকার হয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/২২০০ঘ.