২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের গুলিতে চার কথিত ছিনতাইকারী আহত

রাজধানীর মোহাম্মদপুরে সোমবার ভোররাতে র‌্যাবের গুলিতে চারজন আহতসহ মোট পাঁচ 'ছিনতাইকারীকে' গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে সোমবার ভোররাতে র‌্যাবের গুলিতে চারজন আহতসহ মোট পাঁচ 'ছিনতাইকারীকে' গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- গুলিবিদ্ধ রফিক (৩৫), শাহজালাল (২২), নুরে আলম (২৫) ও আকরাম খাঁ (২৭) এবং কামরুল ইসলাম (২৮)। তাদের কাছ থেকে দেশে তৈরি একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, তিনটি চাপাতি, একটি ছোরা ও একটি হলুদ রংয়ের ট্যাক্সিক্যাব উদ্ধার করা হয়েছে। র‌্যাব-২ এর সহকারী পরিচালক তালেবুর রহমান জানান, র‌্যাব এর একটি দল মোহাম্মদপুর ইকবাল রোডের খেলার মাঠের পাশে একটি হলুদ ট্যাক্সিক্যাবকে চ্যালেঞ্জ করে। এসময় ট্যাক্সির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে আরোহীরা। এতে র‌্যাব সদস্য কনস্টেবল শামসুল আলম আহত হন। সহকারী পরিচালক বলেন, র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ওই চার ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। একই সময় আরেকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। গুলিবিদ্ধ ছিনতাইকারীরা পুলিশ হেফাজতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। র‌্যাব ২ কর্মকর্তা তালেবুর রহমানের দাবি, তারা সবাই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও টুণ্ডা মাসুদ দলের সদস্য। এ নিয়ে গত এক সপ্তাহে র‌্যাবের গুলিতে অন্তত ছয়জন আহত হলো যার পাঁচজনই মোহাম্মদপুরে। এর মধ্যে জেনেভা ক্যাম্পের এক কিশোরকে বিনা অপরাধে গুলি করার অভিযোগ তুলেছে এলাকাবাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২১৫৭ঘ.