বরিশাল, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস আটকের ঘটনাকে কেন্দ্র করে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করায় সোমবার সকাল থেকে বরিশালে বাস চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
রুট পারমিট না থাকার অভিযোগে শনিবার পুলিশ দুটি বাস আটক করায় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়। এর ফলে রোববার সকাল থেকে বরিশালের সঙ্গে ঢাকাসহ মাদারীপুর, বাবুগঞ্জ, মীরগঞ্জ, বানারীপাড়া ও স্বরূপকাঠি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর দাবি, রুট পারমিট থাকা সত্ত্বেও নগরীর নতুন বাজার থেকে বাবুগঞ্জগামী দুটি বাস আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আব্দুর রহিম সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, "রোববার রাত ১২টায় বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়।
"বৈঠকে সিদ্ধান্ত হয়, নতুনবাজার থেকে বাবুগঞ্জ রুট সহ সব রুটে বাস চলবে। তবে ঈদের পর রুট পারমিট দেখাতে হবে।"
বরিশাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আফতাব আহমেদ বলেন, "পুলিশ যে দুটি বাস আটক করেছিল তা ছেড়ে দিয়েছে। আর পুলিশের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১১৪০ ঘ.
bdnews24