ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি সোমবার সকালে ভারত সফরের উদ্দেশ্যে রওনা করবেন। দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে আলোচনা করতে তিনি এ সফরে যাচ্ছেন।
দীপু মনি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "আমরা দুই দেশের মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি, অভিন্ন নদীর পানি বন্টনসহ অন্যান্য অমীমাংসিত দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করব।"
তিনি জানান, দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ৮ সেপ্টেম্বর তার বৈঠক হবে।
দীপু মনি জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, জ্বালানি মন্ত্রী এবং রেলমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন।
এর আগে ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দীপু মনির ভারত সফরসূচি চূড়ান্ত করতে তার সঙ্গে দেখা করেন তিনি।
ভারতীয় হাই কমিশনার জানান, সংসদ নেতা সোনিয়া গান্ধীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির সাক্ষাতের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগের বিষয়টিও থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তের তুলনামূলক অনুন্নত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রেল ও সড়ক উভয় পথে ট্রানজিট সুবিধার দাবি জানিয়ে আসছে ভারত।
তবে ইস্যুটির রাজনৈতিক স্পর্শকাতরতার কারণে বাংলাদেশের কোনও সরকার ভারতকে ওই সুবিধার একটিও দিতে পারেনি।
সফর শেষে আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা পররাষ্ট্র মন্ত্রীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসকে/২২১৬ঘ.
bdnews24