২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে আদম ব্যবসায়ীদের হাতে একজন খুন

কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ার চর এলাকায় শনিবার রাতে মারধর করে চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে এক ব্যক্তিকে হত্যা করেছে আদম ব্যবসায়ীরা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত কাজলের (৪০) বাড়ি সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চুপিনগর গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ার চর এলাকায় শনিবার রাতে মারধর করে চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে এক ব্যক্তিকে হত্যা করেছে আদম ব্যবসায়ীরা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত কাজলের (৪০) বাড়ি সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চুপিনগর গ্রামে। পুলিশ একটি মাইক্রোবাসসহ চার আদম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মো. ফজলুল হক (৩০), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মো. ইউনুস (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মো. শাহেদ (২৭) এবং মাইক্রোবাসচালক চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার হোসেন (৩৫)। এই চারজনসহ মোট সাতজনকে আসামি করে কাজলের বাবা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদেশে পাঠানোর কথা বলে গ্রেপ্তারকৃতরা কাজল, হাফিজ, হযরত ও হারুনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছিলেন। কিন্তু তাদের বিদেশ পাঠায়নি তারা। টাকা ফেরত চাইলে গ্রেপ্তারকৃতদের কাজলসহ এ চার ব্যক্তিকে টাকা নিতে শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বিন্নাটি মোড়ে যেতে বলেন। এসআই জানান, তারা সেখানে গেলে চার আদম ব্যবসায়ী মাইক্রোবাসে তুলে ভৈরবের উদ্দেশে রওয়ানা হয়। কিছুদূর যাওয়ার পর মারধোর করে কাজল, হাফিজ, হারুন ও হযরতকে কামালিয়ারচর নামক স্থানে মাইক্রোবাস থেকে রাস্তায় ফেলে দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় মাইক্রোবাসসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার এবং ওই চারজনকে উদ্ধার করে। আহতদেরকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কাজল মারা যান। এসআই মোস্তাফিজুর রহমান জানান, কাজলের বাবা মনসুর আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত চার ব্যক্তিসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অপর আসামিরা হলেন- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লালু (৫০), সদর উপজেলার মো. আলী হোসেন খোকন (৩০) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রফিকুল (৩৬)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮৫৯ ঘ.