খুলনা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেড়িবাঁধ ভেঙে শনিবার খুলনার দাকোপ উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
গ্রামগুলোর এক লাখের বেশি বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভাগীয় প্রকৌশলী আব্দুর রব হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সন্ধ্যায় উপজেলার শিবসাঢাকি ও ভদ্রা নদীর বেড়িবাঁধের সাত-আটটি স্থান ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়।"
দিনভর বৃষ্টি ও জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে চার/পাঁচ ফুট বেশি হওয়ায় বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয় বলে তিনি জানান।
প্লাবিত গ্রামগুলো হল- সূতার খালী, দক্ষিণ কালাভোগী, পূর্ব কালাভোগী, নলিয়ান, পূর্ব নলিয়ান, গুনারি, কাটাবুনিয়া, গোলবুনিয়া, মধ্যম গুনারি, সূতারখালি মাঝিপাড়া, কামারখোলা, উত্তর কামারখোলা, জয়নগর, ভিটেভাঙ্গা, ফকিরডাঙ্গা, শ্রীনগর, কালীনগর, জালিয়াখালী, শিবনগর ও চান্দিরচক।
সূতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধূ নারায়ণ সরকার জানান, বেড়িবাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত হওয়ায় গ্রামগুলোর এক লাখের বেশি মানুষ বৃষ্টির মধ্যে দুর্দশার মধ্যে পড়েছে। এদের অনেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে পানিবন্দি ঘরের মধ্যেই খাটের উপর কোনো রকমে রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মে মাসে ঘূর্ণিঝড় আইলায় জলোচ্ছ্বাসে বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়। বাঁধগুলো পুরোপুরি সংস্কার করতে না পারায় জোয়ারের পানির চাপে তা অতিদ্রুত ভেঙে গিয়ে গ্রামগুলো প্লাবিত হয়। বাঁধগুলো স্থায়ীভাবে সংস্কারের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২৪২ ঘ.
bdnews24