২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে সাইফুরকে

ঢাকা, সিলেট ও মৌলভীবাজারে জানাজা শেষে সোমবার মৌলভীবাজারের নিজ গ্রাম বাহারমর্দনে সমাহিত করা হবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে। রোববার ঢাকায় তিনটি ও পরদিন মৌলভীবাজার ও সিলেটে তার জানাজা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, সিলেট ও মৌলভীবাজারে জানাজা শেষে সোমবার মৌলভীবাজারের নিজ গ্রাম বাহারমর্দনে সমাহিত করা হবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে। রোববার ঢাকায় তিনটি ও পরদিন মৌলভীবাজার ও সিলেটে তার জানাজা হবে। প্রয়াতের চাচাতো ভাই রফিকুল ইসলাম মানি রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামের পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সাইফুর রহমানকে দাফন করা হবে।" শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী সাইফুর রহমান (৭৭)। রাতেই মরদেহ প্রয়াতের বাসভবন গুলশানের জালালাবাদ হাউজে নিয়ে আসা হয়। সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীরা প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান। এরপর রাতে মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। রোববার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম ও এরপরে আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা হবে। বাদ আছর পরিবারের উদ্যোগে গুলশানের আজাদ মসজিদে মরহুমের তৃতীয় জানাজা হবে। শনিবার রাতে সাইফুর রহমানের গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে জানাজা ও দাফন নিয়ে আলোচনার পর দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণার কথা জানান। প্রয়াতের ভাই রফিকুল ইসলাম মানি রোববার রাতে আরও জানান, সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান বর্তমানে সস্ত্রীক ওমরাহ পালনের সৌদি আরবে রয়েছেন। রোববার রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে। তার অপর দুই ছেলে ও এক মেয়ে প্রয়াত পিতার শয্যা পাশেই ছিলেন। সোমবার সকালে ঢাকা থেকে সাইফুর রহমানের মরদেহ সিলেট নেওয়া হবে। ওইদিন বেলা একটায় নগরীর শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা হবে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার দুপুর একটায় শাহী ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে সাইফুর রহমানের লাশ মৌলভীবাজারে নিয়ে যাওয়া হবে। বিকেল চারটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার আরেকটি জানাজা হবে। তারপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সড়ক দুর্ঘটনায় নিহত সাইফুর রহমানের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মোট ১২ বার বাজেট উপস্থাপন করেন। পুলিশ জানায়, সাইফুর রহমানের গাড়িটি শনিবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ সাংসদ লুৎফুল হাই সাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইফুর রহমানকে বহনকারী গাড়িটি একটি গরুকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। গাড়িটি প্রায় ৫/৬ ফুট পানিতে তলিয়ে গিয়েছিল।" তিনি বলেন, "সাইফুর রহমান সিট বেল্ট পরেছিলেন। তার পেছনে যে গাড়ি ছিলো সে গাড়ি থেকে লোকজন নেমে গাড়ির দরজা ভেঙে এবং সিটবেল্ট কেটে পানির ভেতর থেকে তাকে বের করতে প্রায় ১০ থেকে ১২ মিনিট সময় লেগে যায়।" দুর্ঘটনায় গুরুতর আহত সাইফুরকে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পানির ভেতর থাকা অবস্থায়ই সাইফুর রহমানের মৃত্যু হয়। সাইফুরের ব্যক্তিগত সহকারী শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইফুর রহমান মৌলভীবাজার থেকে ঢাকায় ফিরছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এএনএস/এসএইচ/এসকে/২২০৮ঘ.