রাজশাহী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবিতে রাজশাহীতে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা।
বেসরকারি বাস মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে বাঘা এবং চারঘাট রুটে বৃহস্পতিবার থেকে বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এর প্রতিবাদে ওই দিনই চারঘাটে এবং শুক্রবার বাঘায় বিক্ষোভ করেছে জনতা।
শনিবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান খান আলম, আলতাফ হোসেন, আব্দুস সামাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক জামাত খান, পরিষদ নেতা এন্তাজুল হক বাবু, দেবাশিষ প্রামাণিক দেবু প্রমুখ।
বক্তারা বলেন, বিআরটিসি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সেবা ও মানের কারণেই। কিন্তু ঈর্ষান্বিত হয়ে বেসরকারি বাস মালিকরা বিআরটিসি'র বাস বন্ধের ষড়যন্ত্র চালাচ্ছে। বেসরকারি বাস মালিকরা তাদের সার্ভিসের সেবা ও মান উন্নত করে রাস্তায় আসুক, মানুষ গ্রহণ করবে। সুষ্ঠু প্রতিযোগিতা ও সেবার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। জোর করে কোনো পরিবহন বন্ধ করা যাবে না।
তারা বাঘা-চারঘাটসহ রাজশাহীর সব রুটেই বিআরটিসি বাস চালুর দাবি জানান।
বিআরটিসি বাস সার্ভিস অব্যাহত রাখা ও উপজেলা পর্যায়ে বাস চালুর জন্য সর্বস্তরের মানুষকে নিয়ে কমিটি গঠনের আহবান জানান বক্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24