২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা, হামলায় আহত ২৫

সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জে শনিবার ভোরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে ২৫ জন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জে শনিবার ভোরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে ২৫ জন আহত হন। এ সময় চর কিশোরগঞ্জ ও চর হোগলা গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। লোকজন নদীতীরে একত্রিত হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে হামলা ঘটনা অস্বীকার করে পুলিশের চর কিশোরগঞ্জ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামবাসী নদীর তীরে সমবেত হলে খবর পেয়ে পুলিশ তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেঘনা নদীতে চর হোগলায় বালু মহাল ইজারা পেয়েছে আব্দুস সাত্তার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। হামলার ও মামলার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেন, চর হোগলা বালু মহালের ইজারা পেলেও সংঘবদ্ধ সিন্ডিকেট চর কিশোরগঞ্জের কৃষি জমি অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে। ভোর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত লোকজনের পাহারায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। ফলে চর কিশোরগঞ্জ ও চর হোগলা গ্রামের পনের হাজার কৃষকের জমি ভাঙনের হুমকিতে পড়েছে। বৃহস্পতিবার গ্রামবাসী উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে স্মারকলিপি দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে বলে তারা জানান। গ্রামবাসীরা জানান, চর কিশোরগঞ্জে কৃষি জমি কেটে ফেলার খবর পেয়ে ভোর ৬টায় কৃষকরা মেঘনা নদীর তীরে ছুটে যায় এবং বালু উত্তোলনে বাধা দেয়। এ সময় বালু উত্তোলকারী প্রতিষ্ঠানের লোকজন লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তাদের উপর। হামলায় আব্দুল মান্নান, আবুল ফাতাহ, নজরুল, আলমগীর, আনোয়ার, বাহাউদ্দিনসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁওয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই আবুল হোসেন জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.