বগুড়া, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুতের দাবিতে শনিবার বগুড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করেছে কয়েকটি এলাকার মানুষ।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পৌর এলাকার ছিলিমপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেন ছিলিমপুর, হরিগাড়ি, ফাঁপোর, পালশাসহ আশপাশের এলাকার কয়েক হাজার নারী-পুরুষ।
এলাকাবাসীর অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।
ঘেরাও কর্মসূচিতে যোগ দেওয়া মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পল্লী বিদ্যুতের বগুড়া কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, বিদ্যুতের চাহিদা ৬০ মেগাওয়াট। পাওয়া যাচ্ছে ২০ মেগাওয়াট। সে কারণেই বিদ্যুৎ ব্যবস্থাপনা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24