নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড় কাঁচপুর সেতুর ওপর কাঠ বহনকারী একটি ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শনিবার ভোরে ঢাকার দিকে আসার সময় ট্রাকটি বিকল হলে বিকেল ৪টা পর্যন্ত সাত ঘন্টা সেতুর এক পাশ দিয়ে যানচলাচল বন্ধ থাকে।
এতে সড়কের দুই প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে কাঁচপুর সেতুর আশপাশে এলাকা পর্যন্ত যানজট বিস্তৃত হয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কেও যানজট লেগে যায়।
যানজটে আটকা পড়ে দূরপাল্লার শত শত গাড়ি। হাজার হাজার যাত্রীর দুর্ভোগ চরমে পৌঁছে। হাজার হাজার যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েন। যানজটের কারণে অনেককে পায়ে হেটে কাঁচপুর সেতু পার হতে দেখা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, অতিরিক্ত কাঠ বোঝাইয়ের কারণে ট্রাকটি ব্রিজের উপর বিকল হয়ে পড়ে। মাল নামিয়ে বিকেল ৪টার দিকে ট্রাকটি সরিয়ে নেওযা সম্ভব হয়েছে।
তিনি জানান, ট্রাক সরিয়ে নেওয়ার পর সেতুর দু'পাশ দিয়েই যানবাহন চলছে। তবে যানজট স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১১ ঘ.
bdnews24