ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শনিবার ভোর থেকেই বৃষ্টি হচ্ছে।
তিনটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রাশেদুজ্জামান শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপে গভীর সঞ্চারণশীল মেঘের কারণে সারাদেশে বৃষ্টি হচ্ছে।
নিম্নচাপটি আরও জোরদার হয়ে উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে বলে তিনি জানান।
সকালে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৯০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। নিম্নচাপের কেন্দ্র থেকে ৪৪ কিলোমিটারের মধ্যে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা বাতাস বইছে এবং সমুদ্র উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দর ও এর আশেপাশের এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে রাশেদুজ্জামান জানান।
আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার উপকূল এবং চর এলাকাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এসব এলাকায় সমুদ্রের পানি উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি উচুঁ থাকবে।
বরিশাল, খুলনা ও রাজশাহীতে সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হচ্ছে।
শনিবার সকাল ১০টা পর্যন্ত ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২১২ ঘ.
bdnews24