২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লুতে আরও একজনের মৃত্যু

দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সোয়াইন ফ্লু ওয়ার্ডে মারা যাওয়া ওই রোগীর নাম আবদুস সোবহান সাগর (২০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 07:51 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সোয়াইন ফ্লু ওয়ার্ডে মারা যাওয়া ওই রোগীর নাম আবদুস সোবহান সাগর (২০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সোয়াইন ফ্লু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও মেডিসিন বিভাগের অধ্যাপক কাজী তারিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, "সন্ধ্যা ৬টায় প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়। রাত ১০টায় তার মৃত্যু হয়। তার মধ্যে সোয়াইন ফ্লুর সব লক্ষণই ছিলো। তাকে সোয়াইন ফ্লুর চিকিৎসাই দিয়েছি।" গত ৩০ আগস্ট সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে প্রথম একজন রোগী মারা যান। তার নাম মিতা চক্রবর্তী। শুক্রবার এ রোগে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটলো। সাগরের বাবা মো. হানিফ সিকদার জানিয়েছেন, সাগর তিন-চারদিন ধরে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলো। শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, সোয়াইন ফ্লু রোগে রাত নয়টার দিকে সে মারা যায়। সাগর রাজধানীর মোহাম্মদপুর থানার শেখেরটেক এলাকার বাসিন্দা। পেশায় সে রাজমিস্ত্রী। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। রাত সাড়ে ১২ টার দিকে তার লাশ শেখের টেকে নিয়ে যাওয়া হয়। তবে কোথায় তার দাফন হবে তা জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওই ওয়ার্ডে আরও চারজন সোয়াইন ফ্লু রোগী রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত দেশে সরকারি হিসেবে এ রোগে আক্রান্তের সংখ্যা ২৭৫। এইচ১এন১ ভাইরাস গত এপ্রিলে মেক্সিকোয় প্রথম ধরা পড়লেও বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় গত জুন মাসে। সোয়াইন ফ্লু'র ক্ষেত্রে বাংলাদেশ বিপদসীমার দ্বিতীয় পর্যায় (কান্ট্রি লেভেল-২) অতিক্রম করেছে জানিয়ে বিশেষজ্ঞরা ইতোমধ্যে বলেছেন, মহামারী পর্যায়ে না পৌঁছালেও এটা তার আগের অবস্থান। গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশ্বে এ পর্যন্ত এ রোগে ২ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ২০ লাখের বেশি। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগের ভাইরাস ছড়ায়। রোগ এড়াতে যত্রতত্র কফ, থুথু না ফেলা ও বিশেষ করে হাঁচি-কাশির পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/প্রতিনিধি/এসআইটি/এএনএস/এসএইচ/এইচএ/০২০৭ঘ.