ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে ২০ রমজানের মধ্যে পোশাক শিল্পের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা।
শুক্রবার পোশাক শ্রমিকদের বিভিন্ন সংগঠন সমাবেশ ও মিছিল করে এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করে।
সকালে জাতীয় শ্রমিক জোটের সমাবেশে জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার আসন্ন ঈদুল ফিতরের আগেই কলকারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানান।
তিনি বলেন, কোন অজুহাতেই বেতন-বোনাস নিয়ে টালবাহানা চলবে না। শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার জন্য বিজিএমইএ সরকারের কাছে যে তিন হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে তা গ্রহণযোগ্য নয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক এম হাবিবুর রহমান শওকত, কাজী সিদ্দিকুর রহমান, আশরাফুল হক ঝন্টু, রোকেয়া সুলতানা আঞ্জু প্রমুখ।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মুক্তাঙ্গনে অপর এক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে।
তারা বলেন, গার্মেন্টস শ্রমিক-কর্মচারীরা সরকারি কর্মচারী নয়। তাদের বেতন-বোনাস দেওয়ার দায়িত্ব কারখানা মালিকদের।
সিরাজুল ইসলাম রনির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন রোকেয়া সুলতানা আঞ্জু ও এমএন জামান চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএইচ/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24