২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে দুটি পোশাক কারখানায় ভাঙচুর

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে দুটি পোশাক কারখানায় ভাঙচুর করেছে শ্রমিকরা। বকেয়া ও চলতি মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় শুক্রবার সকালে রেইন সোয়েটার কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে দুটি পোশাক কারখানায় ভাঙচুর করেছে শ্রমিকরা। বকেয়া ও চলতি মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় শুক্রবার সকালে রেইন সোয়েটার কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় সমু অ্যাপারেলস কারখানায় শ্রমিকরা বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে বিক্ষোভ করে। দুটি ঘটনায় শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে কারখানায় ভাঙচুর করে বলে পুলিশ জানিয়েছে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, সকাল আটটার দিকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট শুরু করে। কর্তৃপক্ষ দাবি না মানায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এতে কারখানা ভবনের জানালা-দরজা ক্ষতিগ্রস্ত হয়। টঙ্গী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, পরে কারাখানাতে মালিক, শ্রমিক ও পুলিশ বৈঠকে বসে। বৈঠকে আগামী ১২ সেপ্টেম্বর গত মাসের বেতন পরিশোধ এবং ১৬-১৮ সেপ্টেম্বরের মধ্যে চলতি মাসের আংশিক বেতন ও ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে। এদিকে তিন মাসের বকেয় বেতন-ভাতা না দিয়ে কারখানার বন্ধের ঘটনায় গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় সমু অ্যাপারেলস কারখানায় শ্রমিকরা বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে বিক্ষোভ করেছে। পুলিশের গাজীপুর সদর সার্কেলের সহকারী সুপারিনটেনডেন্ট জামিল হাসান জানান, শ্রমিকদের পাওনা বেতন না দিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে কর্তৃপক্ষ মালামাল অন্য জায়গায় সরিয়ে নিচ্ছিল। এ খবর পেয়ে গভীর রাতে একদল শ্রমিক কারখানায় হাজির হয়ে মালামাল সরানোর কাজে বাধা দেয়। কারাখানা কর্তৃপক্ষ খবর দিলে পুলিশের একটি দল সেখানে গিয়ে শ্রমিকদের সরে যাওয়ার অনুরোধ করে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানা ভবনে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ হালকা লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। এএসপি জানান, শুক্রবার সকাল আটটা থেকে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি নিয়ে বৈঠকে বসে। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২৩৬ ঘ.