২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশীর কারাদণ্ড

জাল পাসপোর্টে যুক্তরাজ্যে প্রবেশের অভিযোগে আটক এক বাংলাদেশীকে আট মাসের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত। ক্যামব্রিজ ক্রাউন কোর্টের ওই রায়ে সাজা ভোগের পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোরও নির্দেশ দেওয়া হয়। এদিকে ব্রিটেনে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে অপর তিন বাংলাদেশীকে আটক করা হয়েছে। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নাহাস পাশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে লন্ডন, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল পাসপোর্টে যুক্তরাজ্যে প্রবেশের অভিযোগে আটক এক বাংলাদেশীকে আট মাসের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত। ক্যামব্রিজ ক্রাউন কোর্টের ওই রায়ে সাজা ভোগের পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোরও নির্দেশ দেওয়া হয়। এদিকে ব্রিটেনে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে অপর তিন বাংলাদেশীকে আটক করা হয়েছে। প্রসিকিউটর সারা ওয়াকার জানান, মাশুক আহমদ নামের ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশীকে গত ২০ আগস্ট সোহাম এলাকার আলী তাজ রেস্টুরেন্ট থেকে আটক করা হয়। তিনি বলেন, "মাশুক তখন অভিবাসী কর্মকর্তাদের কাছে নিজের অন্য নাম উল্লেখ করে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করার কথা জানান। এর পক্ষে তিনি একটি বাংলাদেশী পাসপোর্টও দেখান। কিন্তু পরীক্ষায় তার আসল পরিচয় ও বয়স বেরিয়ে আসে। দেখা যায়, পাসপোর্টের আসল ছবি তুলে তার ছবি লাগানো হয়েছে।" মাশুক আটক হওয়ার সময় জানান, গত ৪ জুলাই তিনি যুক্তরাজ্যে প্রবেশ করেন। মাশুকের সলিসিটর স্নেলিং জানান, মায়ের চিকিৎসার অর্থ উপার্জনের জন্য তিনি ব্রিটেন আসেন। তিনি পাঁচ হাজার পাউন্ডে জাল পাসপোর্টটি কেনেন এবং সাড়ে তিন হাজার পাউন্ড শোধ করেছেন। দেশে ফেরার পর তাকে বাকি অর্থ দিতে হবে। মাশুকের মা এখনো অসুস্থ এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনি দেশে ফিরতে চান বলে জানান স্নেলিং। এছাড়া অভিবাসী কর্মকর্তারা নর্থ-ইস্ট ইংল্যান্ডের গেইটশেড ও সাউথ শিলডে দুটি ইন্ডিয়ান রেস্তোরাঁ ও একটি টেকঅ্যাওয়েতে অভিযান চালিয়ে তিন অবৈধ বাংলাদেশীকে আটক করেন। গেইটশেডের চাটনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ২৫ ও ৩৯ বছর বয়সী দুই অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়। জানা গেছে, আটকদের একজনের সেদেশে কাজের অনুমতি নেই এবং আরেকজনের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশের সন্দেহে তদন্ত চলছে। সাউথ শিলডের টেস্ট অব বেঙ্গল ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ২৬ বছর বয়সী আরেক বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ফেরত পাঠানোরও প্রক্রিয়া চলছে। তবে তাদের পরিচয় এবং তারা কবে আটক হয়েছেন তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এজে/এইচএ/২১০০ ঘ.