২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ক্ষমতায় গেলে এডহক চিকিৎসকদের নিয়োগ বাতিল করবে : মোশাররফ

এডহক ভিত্তিতে চিকিৎসক নিয়োগের সরকারি সিদ্ধান্তকে 'দলীয়করণ' ও 'অবৈধ' বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, আগামীতে তার দল বিএনপি ক্ষমতায় গেলে ওই নিয়োগ বাতিল করা হবে। শুক্রবার বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর এক আলোচনা সভায় সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এভাবে নিয়োগ দেওয়া হলে সেসব চিকিৎসকরা স্থায়ী চাকুরিতে থাকতে পারবেন না।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এডহক ভিত্তিতে চিকিৎসক নিয়োগের সরকারি সিদ্ধান্তকে 'দলীয়করণ' ও 'অবৈধ' বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, আগামীতে তার দল বিএনপি ক্ষমতায় গেলে ওই নিয়োগ বাতিল করা হবে। শুক্রবার বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর এক আলোচনা সভায় সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এভাবে নিয়োগ দেওয়া হলে সেসব চিকিৎসকরা স্থায়ী চাকুরিতে থাকতে পারবেন না। বিএনপি সরকার আগামীতে ক্ষমতায় গেলে এসব অবৈধ নিয়োগ বাতিল করবে।'' গত ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজের ৬৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দেন। তিনি বলেছিলেন, "আমরা জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে শিগগিরই ছয় হাজার চিকিৎসক ও তিন হাজার নার্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" এডহক ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, "প্রথমে এডহক ভিত্তিতে নিয়োগ দিয়ে পরে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তাদের নিয়মিত করে নেওয়া হবে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলেছি।" এ বিষয়ে মোশাররফ বলেন, "এডহক ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত অবৈধ। পিএসসির মাধ্যমে এই নিয়োগ দিতে হবে।" তিনি বলেন, "কিন্তু বর্তমান সরকার দলীয় লোকজনকে এডহক ভিত্তিতে নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবার মতো একটি প্রতিষ্ঠানে দলীয়করণ করছে।" ড্যাব আয়োজিত এ আলোচনা সভার পর ইফতার পার্টিও অনুষ্ঠিত হয়। সরকারের কঠোর সমালোচনা করে মোশাররফ বলেন, "দলীয়করণ ও আত্মীয়করণের মাধ্যমে দেশের স্বাস্থ্য সেবাকে অকার্যকর করে ফেলা হয়েছে। সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। "বিরোধী দলের সমর্থকদের ঢালাওভাবে বদলি ও হয়রানি করা হচ্ছে। এটা একটি গণতান্ত্রিক সরকারের আচরণ নয়।'' ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের মুক্তি দাবি করেন তিনি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা বিভিন্ন দুর্নীতি মামলায় জাহিদ বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। মোশাররফ আরও বলেন, "সরকার জনগণের কাছে দেওয়া কোনো ওয়াদাই রক্ষা করছে না। তারা বিদেশী রাষ্ট্রের কাছে দেওয়া নানা অঙ্গীকার পুরণে ব্যস্ত রয়েছে।'' সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও চিকিৎসাখাতে দলীয়করণের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. শহীদুল আলম, হারুন অর রশীদ প্রমূখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২০৪০ ঘ.