ঢাকা সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে এমপি চেকপোস্টের ঠিক সামনেই মিষ্টির দোকানে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। চাঁদার দাবিতে এ হামলা চালানো হয় বলে পুলিশ ধারণা করছে।
শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারে এ ঘটনা ঘটে। গুলিতে দোকান মালিক মাধব চন্দ্র ঘোষ (৫০) সামান্য আহত হয়েছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে অজ্ঞাতনামা চার সন্ত্রাসী এসে কচুক্ষেত বাজার সংলগ্ন এমপি চেকপোস্টের উল্টোদিকে অবস্থিত ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারে গুলি করে। এতে দোকানের মালিক মাধব চন্দ্র ঘোষ সামান্য আহত হন। চাঁদাবাজির কারণে এ ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।"
এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/১৯৫৬ ঘ.
bdnews24