ফারুক ইকবাল
চট্টগ্রাম ব্যুরো প্রধান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর থেকে নৌ-পথে স্বল্প ব্যয়ে শত কন্টেইনার একযোগে পরিবহনের সুযোগ আসছে।
নারায়ণগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গার তীরে নদীপথের একমাত্র টার্মিনালের নির্মাণ কাজ এখন শেষ হওয়ার পথে।
এ টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হলে আগামী বছর থেকেই নৌপথে কন্টেইনার পরিবহন করা যাবে বলে বন্দর কর্তৃপক্ষ আশা করেছেন।
এটি হবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) জায়গায় নৌ-পথ ভিত্তিক দেশের একমাত্র কন্টেইনার টার্মিনাল।
বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে রেল ও সড়কপথে ঢাকায় কন্টেইনার পরিবহন করা হচ্ছে।
রেলওয়ের ওয়াগনে কন্টেইনার পরিবহন ব্যয় অপেক্ষাকৃত কম হলেও সড়কপথে তা এতো বেশি যে পণ্যমূল্যের ওপর প্রভাব ফেলে।
বন্দর কর্মকর্তা ও ব্যবসায়িক নেতারা মনে করছেন, নৌ-পথে কন্টেইনার পরিবহন করা গেলে ওই ব্যয় অর্ধেকেরও নিচে নেমে আসবে এবং পরিবহন ব্যবস্থায় ঝুঁকি কমবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের মাঝামাঝি বা শেষ নাগাদ পানগাঁওয়ে নির্মাণাধীন ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালটি (আইসিটি) চালু হতে পারে। বর্তমানে এ টার্মিনালের প্রায় ৭০ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে এবং জেটিসহ অন্যান্য অবকাঠামোর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে।
বন্দর সূত্র জানায়, নারায়ণগঞ্জে কন্টেইনার নির্মাণে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি টাকা। ২০০৩-০৪ সালে নেওয়া এ প্রকল্পের নির্মাণ ব্যয় দীর্ঘসূত্রতার কারণে আরও বেড়ে যেতে পারে।
টার্মিনালটির নির্মাণ সম্পন্ন হলে এতে বার্ষিক এক লাখ ১৬ হাজার টিইইউস (২০ ফুটের একক হিসেবে) কন্টেইনার নদীপথে হ্যান্ডলিং করা যাবে।
বন্দর সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম বন্দর থেকে নদীপথে পানগাঁও টার্মিনালে কন্টেইনার পরিবহনের লক্ষ্যে বিআইডব্লিউটিএ ইতিমধ্যে নারায়নগঞ্জ ডক ইয়ার্ডে বার্জ সদৃশ দু'টি বিশেষায়িত জাহাজ নির্মাণের কার্যাদেশ দিয়েছে।"
তিনি জানান, নৌ-পথে কন্টেইনার পরিবহনের জন্য বেসরকারি খাতের অভিজ্ঞতাসম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির কাজও শুরু হয়েছে।
ফরহাদ উদ্দীন বলেন, "এতে একসঙ্গে কমপক্ষে একশ' কন্টেইনার পরিবহন করা যাবে। এটা রেল কিংবা সড়কপথে সম্ভব নয়। পরিবহন ব্যয় ও নৌ-পথে দুর্ঘটনার ঝুঁকিও কমবে।"
তিনি আরও বলেন, "রেলপথে একসঙ্গে অনেক কন্টেইনার পরিবহন সম্ভব হলেও রেলওয়ের ওয়াগন সঙ্কট রয়েছে। এতে করে বন্দরের জেটিতে প্রায়ই কন্টেইনার জট লেগে যায়।
"এক্ষেত্রে নৌপথে কন্টেইনার পরিবহন শুরু হলে ব্যবসায়ীরা লাভবান হবেন।"
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নৌ পরিবহন সমন্বয় সেলের (ডব্লিউটিসিসি) সাবেক আহবায়ক ও সাংসদ এম এ লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পানগাঁও আইসিটি ব্যবহারের জন্য বন্দর ব্যবহারকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।
"কেননা, সড়কপথের চেয়ে নৌ-পথে পরিবহন ব্যয় অর্ধেকেরও নিচে নেমে আসবে।"
তিনি জানান, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় ট্রাক লরি বা কাভার্ড ভ্যানে ২০ ও ৪০ ফুটের কন্টেইনার পরিবহনে ৪০ থেকে ৫০ হাজার টাকা ব্যয় হয়। আর রেলওয়ে ওয়াগনে খরচ পড়ে ১০ হাজার টাকা।
লতিফ আরও বলেন, "পানগাঁও টার্মিনাল চালু হলে বর্হিনোঙ্গরে মাদার ভ্যাসেল (বড় আকৃতির জাহাজ) থেকে ঢাকামুখী কন্টেইনারগুলো লাইটারেজ জাহাজে করে বন্দরের জেটিতে নিয়ে নামানোর প্রয়োজন পড়বে না।
"বরং সরাসরি বিশেষায়িত জাহাজে করে তা পানগাঁও আইসিটিতে নিয়ে যাওয়া যাবে। এতে ব্যবসায়ীদের সময় ও অর্থের অপচয় কম হবে।"
তবে নৌ-পথে কন্টেইনার পরিবহনের জন্য কয়েকটি বেসরকারি কোম্পানি বা প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির বিরোধিতা করেন তিনি।
চট্টগ্রাম চেম্বার সভাপতি লতিফ বলেন, "এটা সবার জন্য উন্মুক্ত রাখা উচিত। বিশেষ করে কোস্টার ও লাইটার জাহাজ পরিচালনাকারীদের কন্টেইনার পরিবহনের সঙ্গে যুক্ত করতে হবে।
"এতে করে একটি প্রতিযোগিতার সৃষ্টি হলে ব্যবসায়ীরাও প্রতিযোগিতামূলক দরে তাদের কন্টেইনার নৌ-পথে পানগাঁও টার্মিনাল পর্যন্ত নিয়ে যেতে পারবে।"
বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পানগাঁওয়ে নদীপথের একমাত্র টার্মিনালটি চালু হলে ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা হবে। বিশেষ করে ঢাকা অঞ্চলের ব্যবসায়ীরা এ টার্মিনাল ব্যবহারের মাধ্যমে বেশ সুবিধা ভোগ করতে পারবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এসএইচ/১৯৩৮ ঘ.
bdnews24