মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকল্পের পর প্রকল্প হাতে নিচ্ছে চট্টগ্রাম ওয়াসা। কিন্তু বন্দর নগরীতে পানির সঙ্কট কাটছে না। খুব শিগগির নগরবাসীর দুর্ভোগ লাঘব হবে- এমন আশাও মিলছে না।
গত এক দশকে চট্টগ্রাম ওয়াসার তিনটি পানি শোধনাগার প্রকল্প নানা কারণে ঝুলে আছে। এ সঙ্কট নিরসনে কার্যকর উদ্যোগ না নিয়ে বরং আরও একটি পানি সরবরাহ প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।
বর্তমানে চালু থাকা মোহরা শোধনাগার প্রকল্প ও ৭৮টি গভীর নলকূপ থেকে ওয়াসা নগরীর চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ পানি সরবরাহ করতে পারে।
অচিরেই নগরীর পানি সঙ্কট মেটানো সম্ভব নয় বলে স্বীকার করেছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরী ও এর আশেপাশের এলাকার চাহিদার বিপরীতে পর্যাপ্ত পানি আমরা সরবরাহ করতে পারছি না। কিন্তু নগরীতে যে চাহিদা তা মেটাতে পুরনো প্রকল্পসমূহ বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।"
ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ১২০০ কোটি টাকার পৃথক তিনটি প্রকল্প প্রায় ১০ বছর ধরে ঝুলে আছে। এগুলো হচ্ছে- ৯০৭ কোটি টাকা ব্যয়ে রাঙ্গুনিয়ায় কর্ণফুলী পানি শোধনাগার, ১৯৭ কোটি টাকা ব্যয়ে মোহরা দ্বিতীয় পানি শোধনাগার এবং ১৩৫ কোটি টাকা ব্যয়ে মদুনাঘাট প্রকল্প।
এর মধ্যে রাঙ্গুনিয়া প্রকল্প বাস্তবায়নের কাজ ২০০৫ সালে, মোহরা প্রকল্প ২০০৩ সালে ও মদুনাঘাট প্রকল্প ২০০১ সালে শুরু এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
ঝুলে থাকা প্রকল্প তিনটি বাস্তবায়িত হলে আরও প্রায় ৩০ কোটি লিটার পানি নগরীতে সরবরাহ করা যাবে বলে প্রকৌশলী শফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, বর্তমানে নগরীতে প্রতিদিন ৫৪ কোটি লিটার চাহিদার বিপরীতে চট্টগ্রাম ওয়াসা সরবরাহ দিচ্ছে গড়ে ১৯ কোটি লিটার। প্রকল্প তিনটি বাস্তবায়িত হলে নগরীতে ওয়াসা প্রতিদিন গড়ে ৪৮ কোটি লিটার পানি সরবরাহ করতে পারবে।
ওয়াসা কর্মকর্তারা জানান, ২০০১ সালে হাটহাজারীর মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রকল্পের কাজ বন্ধ আছে। এটি থেকে প্রায় ৯ কোটি লিটার পানি সরবরাহ করার কথা।
কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ ভূমি অধিগ্রহণ জটিলতায় ২০০৫ সাল থেকে এ আটকে ছিল, তবে বর্তমানে এটির কাজ চলছে। চালু হলে এখান থেকে পানি পাওয়া যাবে দিনে ১৩ কোটি লিটার।
২০০৩ সালে মোহরা দ্বিতীয় পানি শোধনাগার প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হলেও একটি দরদাতা প্রতিষ্ঠানের উচ্চ আদালতে মামলার কারণে এর কাজ স্থগিত আছে। তবে ঈদের পরপর এটি নিয়ে আদালতে পাল্টা আবেদন করা হবে বলে ওয়াসা কর্মকর্তারা জানিয়েছেন।
বিভিন্ন কারণে ঝুলে থাকা প্রকল্প তিনটি বাস্তবায়নে সমস্যাগুলো সমাধান না করেই বোয়ালখালী উপজেলার ভান্ডারঝুরিতে ৬০০ কোটি টাকা ব্যয়ে আরও একটি পানি শোধনাগার প্রকল্প স্থাপনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে প্রকল্পটির জরিপের কাজ সম্পন্ন হয়েছে।
কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোয়কা) এ প্রকল্পের মাস্টার প্ল্যান তৈরি করেছে এবং তা অনুমোদনের জন্য গত মে মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে তা সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) রয়েছে।
তিনটি প্রকল্পের কাজ শেষ না হওয়ার আগেই আরও একটির প্রস্তাব দেওয়া প্রসঙ্গে শফিকুল বলেন, "অব্যাহত চাহিদা এবং নগর স
bdnews24